ছক্কা আর উইকেটে রেকর্ডের পাতায় নাসিম

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২২, ০১:৫৭ পিএম

শেষ ওভারে পাকিস্তানের জিততে প্রয়োজন ১১ রান। হাতে মাত্র একটি উইকেট। নেই স্বীকৃত কোনো ব্যাটারও। এমন সময়ে ফজল-হক ফারুকীর দুই বলে পরপর দুটো ছক্কা হাকালেন পাক পেসার নাসিম শাহ। তাতেই ১ উইকেটের জয়ে শ্রীলংকাকে নিয়ে নিশ্চিত হয় তাদের ফাইনাল। এই জয়ের দিনে রেকর্ডের খাতায় নাম লেখালেন নাসিম।

নাসিমই টি-টোয়েন্টির ক্রিকেট ইতিহাসে প্রথম খেলোয়াড়, যিনি ১০ বা ১১ নম্বরে ব্যাট করতে নেমে পরপর ২টি ছক্কা মেরে দলকে ম্যাচ জেতালেন। রান তাড়া করতে গিয়ে এর আগে দশ বা এগারো নম্বরে ব্যাট করতে নেমে কেউ এটা করতে পারেননি।

এর আগে আফগানিস্তানের ইনিংসের সময় নাসিম শাহ ৪ ওভার বল করে ১৯ রান দিয়ে ১ উইকেট তুলে নেন। সেই সঙ্গে এই ফরম্যাটে তার উইকেট সংখ্যা দাঁড়ায় ৫০। একজন পেসার হিসেবে সবচেয়ে কম বয়সে ৫০টি উইকেট নেওয়ার বিশ্বরেকর্ড এখন নাসিমের। ১৯ বছর ২০৪ দিন বয়সে তিনি ৫০টি উইকেট নেওয়ার রেকর্ড গড়েন। এর আগে এই রেকর্ডটি ছিল তারই স্বদেশি শাহিন শাহ আফ্রিদির।

বল হাতে গড়লেন বিশ্বরেকর্ড, এরপর ব্যাট হাতেও। নাসিম শাহর ক্যারিয়ারে স্বপ্নময় এক দিন হয়ে রইলো বুধবার। যেদিন দুই ছক্কা হাঁকিয়ে হারের মুখ থেকে পাকিস্তানকে অবিশ্বাস্য এক জয় এনে দিয়েছেন ১৯ বছরের এই তরুণ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত