ফ্রাঞ্চাইজি হকির ষষ্ঠ দল মেট্রো এক্সপ্রেস

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২২, ০৭:৩০ পিএম

দেশের প্রথম ফ্র্যাঞ্চাইজি হকির পাঁচটির নাম আগেই জানা গিয়েছিল। ষষ্ঠ দল কিনবে কোন প্রতিষ্ঠান তা ছিল অজানা। অবশেষে স্পন্সর প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির তিন দিন পর ষষ্ঠ দলের নাম। ছয় নম্বর দলটি কিনবে মেট্রো এক্সপ্রেস।

বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ এই তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

দেশের ৮ বিভাগের মধ্যে ৬টি অংশ নেবে প্রথম এই ফ্র্যাঞ্চাইজি হকিতে। রুপায়ন, মোনার্ক মার্ট, একমি, ওয়ালটন, সাইফ পাওয়ারটেক ও মেট্রো এক্সপ্রেস-এই প্রতিষ্ঠানগুলো বিভাগীয় দল গঠন করবে।

কোন প্রতিষ্ঠান কোন বিভাগ নেবে সেটা এখনো ঠিক হয়নি। ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বলেন, ‘এগুলো এখনো ঠিক হয়নি। এখন আমরা একটা কমিটি গঠণ করবো। ওই কমিটি সভা করে টুর্নামেন্টের যাবতীয় সব ঠিক করবে। যদি একাধিক ফ্র্যাঞ্চাইজি একটি বিভাগ নিতে চায় তখন আমরা লটারির মাধ্যমে সেটা নির্ধারণ করবো।’

প্রাথমিক সিদ্ধান্ত আছে অক্টোবরের শেষ সপ্তাহে মাওলানা ভাসানী স্টেডিয়ামে শুরু হবে দেশের প্রথম এই ফ্র্যাঞ্চাইজ হকি। যার নাম দেওয়া হয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০ নভেম্বর শুরু হবে বিশ্বকাপ ফুটবল। তার সপ্তাহ খানেক আগেই বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করার পরিকল্পনা হকি ফেডারেশনের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত