মার্কিন প্রভাবশালী ম্যাগাজিন ভ্যারাইটি যাকে বলা হয় ‘অস্কার ক্যাম্পেইন হটস্পট’! যুক্তরাষ্ট্রের সেই ক্যামডেন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল থেকে ডাক পেল নির্মাতা কামার আহমাদ সাইমনের ছবি ‘অন্যদিন’। নর্থ আমেরিকার অন্যতম প্রধান চলচ্চিত্র উৎসব ভ্যানকুভার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালেও নির্বাচিত হয়েছে ছবিটি। এ বছর ভ্যানকুভারে ৭৫টি দেশ থেকে মোট ১৩৫টি ফিচার এবং ১০২টি শর্ট নির্বাচিত হয়েছে যার মধ্যে বাংলাদেশ থেকে একমাত্র ছবি কামারের ‘অন্যদিন’। গত নভেম্বরে ওয়ার্ল্ড টপ-টেন ফেস্টিভাল ইডফার মূল আন্তর্জাতিক প্রতিযোগিতায় আমন্ত্রণ পেয়েছিল ছবিটি। এর আগে মার্চে নিউইয়র্কের মিউজিয়াম অব মুভিং ইমেজ বা মমি’র ফার্স্ট লুক ফেস্টিভালে মাত্র ১৮টি নির্বাচিত ফিচারের মধ্যে প্রথম বাংলা ছবি ছিল ‘অন্যদিন’। উৎসব শুরু হয়েছিল কানে ক্যামেরা দ্য’র বিজয়ী ক্রোয়েশিয়ান ‘মুরিনা’ দিয়ে আর শেষ লোকার্নোতে গ্র্যান্ড প্রি বিজয়ী পোলিশ ছবি ‘ব্যালকনি’। গেল জুনে ‘অন্যদিন’ ছিল সিডনি ফিল্ম ফেস্টিভালে, যেখানে অস্ট্রেলিয়ান সেগমেন্টে জুরির দায়িত্বেও ছিলেন কামার। অস্ট্রেলিয়ার লিডিং ফিল্ম ম্যাগাজিন ফিল্ম-ইংক তখন ‘অন্যদিন’ নিয়ে লিখেছিল, ‘ছবিটা সবচাইতে বড় পর্দায় দেখানো উচিত।’ ২০১৪ সালে সানড্যান্স থেকে গ্রান্ট অ্যাওয়ার্ড জয় করে ‘অন্যদিন’ এর কাজ শুরু করলেও ছবির গল্প নিয়ে মুখ খুলতে নারাজ কামার। এই ছবির স্ক্রিপ্টের জন্যই ২০১৬ সালে লোকার্নোতে প্রথম কোনো বাংলাদেশি নির্মাতা হিসেবে পিয়াতজা গ্রান্দায় রেড কার্পেট ডিরেক্টরের সম্মাননা দেওয়া হয়েছিল কামারকে। একইসঙ্গে পেয়েছিলেন ওপেন ডোর্সে শ্রেষ্ঠ পুরস্কার ও আর্তে ইন্টারন্যাশনাল প্রাইজ। আর ২০১৭ সালে পেয়েছিলেন কান চলচ্চিত্র উৎসবের সিনফন্দেশিওনে এক্সক্লুসিভ আমন্ত্রণ।
×
