এক নারীর মামলায় কিছুদিন আগে জেল খেটেছেন টোকিও অলিম্পিকে অংশ নেওয়া স্প্রিন্টার জহির রায়হান। অনৈতিক কর্মকা- ও জাতীয় দলের ক্যাম্পে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত ডিসেম্বরে তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করে বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশন। তবে সেই নিষেধাজ্ঞা শর্তসাপেক্ষে প্রত্যাহার করেছে ফেডারেশন। ৪ সেপ্টেম্বর ফেডারেশনের সভায় এই সিদ্ধান্ত হয়। ফলে আসন্ন সামার অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৪০০ মিটার স্প্রিন্টার জহির রায়হানের খেলার ব্যপারে আরও কোনো বাধা থাকছে না।
ফেডারেশন বেশ কিছু শর্ত দিয়ে শাস্তি তুলে নিয়েছে। পুনরায় অনৈতিক কর্মের অভিযোগ উঠলে তাকে আজীবন নিষেধাজ্ঞা দেওয়া হবে। ফেডারেশনকে শাস্তি প্রত্যাহারের অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছিলেন জহির। জহিরের সংস্থা বাংলাদেশ নৌবাহিনীও ফেডারেশনকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ জানায়। জহির ভবিষ্যতে এরকম কিছু হবে না, এ রকম মুচলেকাও দেন। এরপরই ফেডারেশন জরুরি সভা করে তার শাস্তি তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয়। ২০১৭ সালে কেনিয়ার নাইরোবিতে যুব বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৪০০ মিটারের সেমিফাইনালে নাম লিখিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন জহির। এরপর থেকে এই ইভেন্টে তার একচ্ছত্র আধিপত্য।
