পরিকল্পনামন্ত্রী বললেন

তেলের দাম পর্যায়ক্রমে কমানো হবে

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২২, ০১:২৭ এএম

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘বিশ্ববাজারে তেলের দাম বাড়লে আমরা বাড়াই, দাম কমলে আমরাও কমাব। তেলের দাম হঠাৎ করে বেশি বেড়ে যাওয়ায় সাধারণ জনগণ বেশি ভোগান্তিতে পড়েছে। এ বিষয়ে সরকার অবহিত আছে।’ গতকাল বৃহস্পতিবার দুপুরে সাভারে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) বিশ^ ফিজিওথেরাপি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

চলতি মাসে জ্বালানি তেলের দাম কমতে পারে কি না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমি এ ব্যাপারে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী নই। তেলের দাম কমানোর ব্যাপারে দিনক্ষণ নিয়ে কথা বলতে পারি না। সার্বিকভাবে বলতে পারি দাম কমবে। লাফ দিয়ে বাড়া ও লাফ দিয়ে কমা ভালো না। তাই পর্যায়ক্রমে দাম কমানো হবে।’

মন্ত্রী আরও বলেন, সম্প্রতি জ্বালানি তেলের দাম ৫ টাকা কমিয়েছে সরকার। যদি আরেকটা যুদ্ধ না লেগে যায় এবং বিশ্ববাজারে কোনো ভয়ংকর দুর্ঘটনা না ঘটে অবশ্যই সরকার তেলের দাম কমাবে।’ 

এর আগে বিশ^ ফিজিওথেরাপি দিবস উপলক্ষে সিআরপির রেডওয়ে হলে বক্তারা বলেন, অস্টিও-আর্থ্রাইটিস চিকিৎসায় ফিজিওথেরাপিই একমাত্র চিকিৎসা। বাংলাদেশের প্রতিটি উপজেলাকে ফিজিওথেরাপির আওতায় নিয়ে আসা হবে। এ জন্য প্রতিটি সরকারি হাসপাতালে একজন করে ফিজিওথেরাপি চিকিৎসকের পদ সৃষ্টির আহ্বান জানান বক্তারা।

বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে সিআরপির ফিজিওথেরাপি বিভাগ আয়োজিত অনুষ্ঠানে সিআরপির নির্বাহী পরিচালক ড. মো. সোহরাব হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু এমপি, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, বিএইচপিআই-এর অধ্যক্ষ প্রফেসর ডা. ওমর আলী সরকার, বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন।

এর আগে সকালে বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে সিআরপির পক্ষ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত