‘গণতন্ত্র পুনরুদ্ধারের’ আন্দোলনে অংশ নিয়ে নিহতদের রক্ত বিএনপি বৃথা যেতে দেবে না উল্লেখ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আন্দোলনে অংশ নিয়ে যারা গুরুতর আহত হয়েছেন তাদের কষ্ট বৃথা যাবে না। আমরা বৃথা যেতে দেব না। ইনশাআল্লাহ গণতন্ত্র ফিরে আসবে এই দেশে, জনগণের জন্য সুসময় আসবে।’
গতকাল বৃহস্পতিবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা ছাত্রদল নেতা সাব্বির হোসেন শ্রাবণকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
এর আগে গত বুধবার রাজধানীর ধানমণ্ডির ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলকে দেখতে যান মির্জা ফখরুল।
মির্জা ফখরুল হাসপাতালে শ্রাবণকে দেখতে গিয়ে চিকিৎসকের কাছে তার খোঁজখবর নেন। তিনি শ্রাবণের মাকে সান্ত্বনা দিয়ে বলেন, ‘আল্লাহর ওপর ভরসা রাখুন। আমরা আপনাদের পাশে আছি। চিকিৎসকরা গুরুত্ব দিয়ে তার চিকিৎসা করছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিয়মিত শ্রাবণের খোঁজখবর নিচ্ছেন। গণতন্ত্র ফিরে আনার এ সংগ্রামে আপনার ছেলে গুরুতর আহত হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছে। তার এ কষ্ট বৃথা যাবে না। গণতন্ত্র ফিরে আসবে, সুসময় আসবে ইনশাআল্লাহ।’
এদিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, ‘শ্রাবণ পুলিশের গুলিতে গুরুতর জখম হয়। কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় তিনবার রক্তবমি করে। পরে তাকে ছয় ব্যাগ রক্ত দেওয়া হয়। এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসাধীন অবস্থায় শকে চলে যায়। তখন তার আইসিইউর দরকার হয়। ঢাকা মেডিকেলে আইসিইউ না পাওয়ায় শমরিতা হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।’
তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শ্রাবণের চিকিৎসার ব্যয়ভার বহন করছেন ময়মনসিংহ বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক শরিফুল আলম। গুলির আঘাতে শ্রাবণের ফুসফুস, খাদ্যনালি, লিভার ও কিডনিতে আক্রান্ত হয়েছে। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।
কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গত ৩ সেপ্টেম্বর পাকুন্দিয়া উপজেলার বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে পৌর ছাত্রদলের ৮ নম্বর ওয়ার্ডের নেতা শ্রাবণ গুলিবিদ্ধ হন। এরপর তাকে ঢাকায় আনা হয়। গত ৪ সেপ্টেম্বর বিএনপি স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস, কিশোরগঞ্জ জেলার ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা আহ্বায়ক ভিপি খালেদ সাইফুল্লাহ হাসপাতালে শ্রাবণকে দেখতে যান।
