বজ্রপাতে একই পরিবারের ৫ জনসহ নিহত ১০

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২২, ০৩:৪৪ এএম

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে দুই শিশুসহ নয়জন কৃষিশ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে আরও পাঁচজন। গতকাল বৃহস্পতিবার বিকেলে পঞ্চক্রোশী ইউনিয়নের মাটিকোড়া দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে পাঁচজন একই পরিবারের বলে জানা গেছে।

এদিকে বগুড়ায় ধানক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে প্রাণ গেছে এক কৃষকের। এ সময় আহত হয়েছে আরও দুজন। গতকাল দুপুর ১২টার দিকে শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের বৈঠাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। উল্লাপাড়ায় নিহতরা হলো শিপপুর গ্রামের মোবাখর (৪০), মোন্নাফ হোসেন (১৮), শমসের আলী (৬০), আফসার হোসেন (৬৩), শাহিন আলী (২১) এবং মাটিকোড়া গ্রামের আবদুল কুদ্দুস (৬০) , শাহ আলম (৪২), রিতু খাতুন (১৪) ও আওলিয়া খাতুন (৭)। বজ্রপাতের এই ঘটনায় আহতদের উদ্ধার করে প্রাথমিকভাবে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

পুলিশ ও গ্রামবাসী জানায়, মাটিকোড়া দক্ষিণপাড়া গ্রামে ধানক্ষেতে কাজ করছিল কৃষিশ্রমিকরা। বিকেল সাড়ে ৪টার দিকে হঠাৎ বৃষ্টি শুরু হয়। তখন কৃষিশ্রমিকরা পাশের একটি সেচযন্ত্রের ঘরে গিয়ে আশ্রয় নেয়। এ সময় বজ্রপাতে এক নারীসহ আটজনের মৃত্যু হয়। পরে আরও একজনের মৃত্যু হয়। এছাড়া আহত হয় আরও পাঁচজন। খবর পেয়ে উল্লাপাড়া ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

এ বিষয়ে পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ দেশ রূপান্তরকে বলেন, ‘বজ্রপাতে নিহত ও আহতরা মাটিকোড়া দক্ষিণপাড়া গ্রামের পাশের মাঠে রোপা ধানের চারা উত্তোলন ও জমিতে রোপণ করছিল। হঠাৎ করে বৃষ্টি শুরু হলে তারা মাঠের মধ্যে থাকা একটি শ্যালো ঘরে (সেচযন্ত্রের ঘর) গিয়ে দাঁড়ায়। এ সময় সেখানে বজ্রপাত হয়।’

উল্লাপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল হোসেন জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের খোঁজখবর নিয়েছেন। নিহতদের পরিবারকে সরকারি অনুদান হিসেবে ২৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে।

উল্লাপাড়া থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, ‘নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

বগুড়ায় ধানক্ষেতে বজ্রপাতে কৃষক নিহত : বগুড়ায় ধানক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে হোসেন আলী (৩০) নামে এক কৃষক নিহত হয়েছে। এ সময় আহত হয় হোসেনের বাবা ইফরান আলী ও ইয়াসিন তালুকদার নামে আরেক যুবক। গতকাল দুপুর ১২টার দিকে শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের বৈঠাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হোসেন আলী ওই এলাকার ইফরান আলীর ছেলে। আহত ইয়াসিন তালুকদার একই এলাকার প্রয়াত ছহির উদ্দিনের ছেলে। শাজাহানপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, ইফরান আলী তার বাড়ির পশ্চিম পাশের একটি ধানের জমিতে হোসেন ও ইয়াছিনকে নিয়ে কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই হোসেন আলী মারা যায়। গুরুতর আহত হয় ইফরান ও ইয়াছিন। পরে তাদেরকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত