রাজধানীর বকশিবাজার ফুটপাত থেকে মোহাম্মদ আলী (৫০) নামে এক ব্যক্তি ও জুরাইনের ফুটপাত থেকে পঞ্চাশোর্ধ্ব অজ্ঞাত পরিচয়ের আরেক লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে বকশিবাজার বুয়েটসংলগ্ন ফুটপাত থেকে তার লাশ উদ্ধার করা হয়। স্থানীয়রা জানিয়েছে তিনি ভবঘুরে ও মাদকাসক্ত ছিলেন। অসুস্থতার কারণে তার মৃত্যু হতে পারে। এদিকে গতকাল বেলা ১১টার দিকে রাজধানীর জুরাইন ফুটপাত থেকে অজ্ঞাতনামা আরেক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৫২ বছর। শ্যামপুর থানা পুলিশ মরদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। শ্যামপুর থানার এসআই মো. জাহাঙ্গীর হোসেন জানান, খবর পেয়ে জুরাইন ফ্লাইওভার ব্রিজের নিচ থেকে ওই ব্যক্তি লাশ উদ্ধার করা হয়। আশপাশের লোকজনের মাধ্যমে জানা গেছে, তিনি ছিলেন ভবঘুরে প্রকৃতির। অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তার পরিচয় জানার চেষ্টা চলছে।
×
