রানীর বিদায়ে থমকে গেছে ক্রীড়াঙ্গন

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ০১:৪৯ এএম

শোনা যায় রানী দ্বিতীয় এলিজাবেথ ছিলেন ওয়েস্টহ্যামের সমর্থক। অবশ্য এটা শুধু গুঞ্জনই, তিনি তো আর মুখে কখনো বলেননি। আবার রানীর সঙ্গে ২০০৭ সালের সৌজন্য সাক্ষাতের পর আর্সেনাল সমর্থকরা বলতেই পারেন রানী আমাদের পছন্দ করেন। এদিকে লন্ডনের ক্লাব হিসেবে এই দাবিটা করে বসতে পারে চেলসিও। গুঞ্জন হলেও লন্ডনের এই তিন ক্লাবই যে প্রয়াত রানীর পছন্দের তালিকায় ছিল তা একপ্রকার সত্যি। তবে রানীর মৃত্যুতে ওয়েস্টহ্যাম জানিয়ে দিল কেন তারা রানীর খুব কাছের বলে দাবি করতে পারে।

বৃহস্পতিবার রানীর মৃত্যুর খবর ছড়ানোর সময় আর্সেনালের খেলা চলছিল। আর ওয়েস্টহ্যাম ও ম্যানচেস্টার ইউনাইটেডের খেলা শুরু হবে। একমাত্র ওয়েস্টহ্যাম সমর্থকরাই লন্ডন স্টেডিয়ামে রানীর সম্মানে গেয়ে উঠলেন জাতীয় সংগীত ‘গড সেভ দ্য কুইন’। আর বাকি দুই ক্লাব এক মিনিট নীরবতা ও কালো ব্যাজ পরে সমব্যথী হয়েছে শুধু। রানীকে সম্মান জানানোর সেরা রীতিটা ওয়েস্টহ্যামই করেছে। তাছাড়া তিন ক্লাবের খেলাতেই রানীকে সম্মান দেখিয়ে শুরুর সংগীত বাজানো হয়নি। বৈদ্যুতিক বিজ্ঞাপন বোর্ডগুলো ম্যাচের শুরুতে রাখা হয় বন্ধ। স্কোরবোর্ডে রানীর ছবিসহ তার জন্ম ও মৃত্যু সাল দেখানো হয়েছিল। এরপর এলো স্থগিতাদেশ। শুক্রবার ইংলিশ প্রিমিয়ার লিগ সিদ্ধান্ত নেয় এই সপ্তাহের সব খেলাই পিছিয়ে যাবে। চেলসি তাদের নতুন কোচ পটারের উদ্বোধনী সংবাদ সম্মেলনও পিছিয়ে দিয়েছে রানীর মৃত্যুশোকে।

বৃহস্পতিবার স্কটল্যান্ডের ব্যালমোরাল প্রাসাদে রানীর মৃত্যু হয় বলে নিশ্চিত করেছে বাকিংহাম প্যালেস। ১৯২৬ সালে জন্ম নেওয়া দ্বিতীয় এলিজাবেথের বৈচিত্র্যময় ৯৬ বছরের দীর্ঘ জীবনের অবসান হয়। দীর্ঘ ৭০ বছর তিনি ইংল্যান্ডের রানী হয়ে রাজত্ব করেন। বাকিংহাম প্যালেস রানীর প্রতি শ্রদ্ধা জানাতে ১০ দিনের জাতীয় শোক ঘোষণা করেছে। তাতে জুড়ে গেছে ক্রীড়াঙ্গনও। শুধু ফুটবল নয়, ক্রিকেটেও পড়েছে শোকের ছায়া। ওভালে বৃষ্টির কারণে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা টেস্টের প্রথম দিনের খেলা হয়নি বৃহস্পতিবার। শুক্রবার স্থগিত রাখা হয় রানীর মৃত্যুতে। ম্যাচ শুরু হবে আজ শনিবার থেকে। দূর দেশ যুক্তরাষ্ট্রে চলমান ইউএস ওপেনও রানীর মৃত্যু খবরে নীরবতা পালন করেছে। ফুটবল-ক্রিকেট-টেনিসের পাশাপাশি হয়নি গলফের পিজিএ চ্যাম্পিয়নশিপ, হর্স রেসিং ও সাইক্লিংয়ের কোনো খেলা। ক্রীড়াবিদদের মধ্যেও পড়েছে শোকের ছায়া। নীরবতা তাদেরও ছুঁয়েছে। বিশ্বের যেকোনো খেলার সেরা ক্রীড়াবিদরা যে যেখান থেকে পারছেন সমবেদনা জানাচ্ছেন। রানীর সঙ্গে কারও ভালো মুহূর্ত যেমন পুরস্কার নেওয়া-দেখা করার ছবি শেয়ার করছেন নিজেদের সমাজিক যোগাযোগমাধ্যমে। যেমন ব্রাজিল কিংবদন্তি পেলে সামাজিক যোগাযোগমাধমে শেয়ার করেছেন ১৯৬৮ সালের ছবি। মারাকানা স্টেডিয়ামে কোনো একটি টুর্নামেন্টের পুরস্কার দিতে উপস্থিত রানী দ্বিতীয় এলিজাবেথ। তার পাশে ট্রফি হাতে দাঁড়িয়ে পেলে। এই ছবি শেয়ার করে ফুটবল সম্রাট লিখেন, ‘রানী দ্বিতীয় এলিজাবেথের প্রতি আমার হৃদয়ের অন্তস্থল থেকে সম্মান। ১৯৬৮ সালে যখন তাকে প্রথম দেখি ওই সময় থেকেই আমার কাছে তার মর্যাদা অন্যরকম। তিনি ব্রাজিলে এসেছিলেন ফুটবলের প্রতি দেশটির ভালোবাসা দেখতে। পরিপূর্ণ গ্যালারির মারাকানায় সেদিন ফুটবল জাদু দেখেছিলেন তিনি। যুগ যুগ ধরে একেক প্রজন্মের প্রভাবক তিনি। তার রাজত্ব অসীম।’ সেবারই প্রথম এবং শেষবার ব্রাজিল ভ্রমণে গিয়েছিলেন রানী। কেবল পেলে নন, ফুটবল অঙ্গনের অনেক বড় বড় তারকা রানীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। ক্রিকেট অঙ্গনে শচিন-লারা-রিচার্ডসরাও হয়েছেন সমব্যথী। লুইস হ্যামিলটন, রজার ফেদেরারের মতো অন্য খেলার তারকারাও শোকবাণী দিয়েছেন।

খেলার সঙ্গে রানীর সম্পর্কটা শুরু থেকেই। ১৯৫২ সালে তার রাজত্ব শুরুর পর বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। ১৯৬৬ সালে সেদিন ফাইনালে তার হাত থেকেই জুলে রিমে ট্রফি নিয়েছিলেন ইংল্যান্ড ফুটবল দলের অধিনায়ক ববি মুর। ওই সময় তার হাতে কাদা লেগেছিল। তা মুছতে ভুলে যান মুর, এদিকে রানীর হাতে তো সাদা গ্লাভস। রানীর গ্লাভসে যেন কাদা না লাগে, তাই ট্রফি নেওয়ার আগে হাতটা খেয়াল করে মুছে নিয়েছিলেন মুর। ২০১২ লন্ডন অলিম্পিকে অন্যরকম রানীর দেখা মেলে। রোমাঞ্চ ছড়িয়ে সেদিন সোনালি পর্দার জেমস বন্ডখ্যাত অভিনেতা ড্যানিয়েল ক্রেইগের সঙ্গে হেলিকপ্টারে চড়ে এসেছিলেন গেমসের উদ্বোধনীতে। বর্ণাঢ্য উদ্বোধনীতে দেখানো হয় জেমস বন্ডের সঙ্গে হেলিকপ্টার থেকে প্যারাসুট পরে মাঠে নামছেন রানী। অবশ্য রানীর মতো সেজে ওই অংশটুকু করেছিলেন বদলি আর্টিস্ট। এরপর ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে অংশগ্রহণকারী ১০ দলের অধিনায়ক যান রানীর সঙ্গে দেখা করতে। যদিও নিজ রাজ্যেই সর্বশেষ কমনওয়েলথ গেমসে অসুস্থতার কারণে উপস্থিত হতে পারেননি রানী। তবে ঠিকই নিয়ম করে খোঁজ নিয়েছেন বার্মিংহ্যাম গেমসের।

রানী এলিজাবেথের সময় মোট ১২০ ক্রীড়াবিদকে সম্মানসূচক নাইট উপাধি দেওয়া হয়। রানীর সময়টাকে তাই খেলার যুগ ধরা হয়। এমন একজনের বিদায়ে মাঠ থেকে ‘গড সেভ দ্য কুইন’ সুরটা না আসলে হয় না। ওয়েস্টহ্যাম সমর্থকরা তাই যথার্থই করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত