মিয়ানমারে ফের গোলাগুলি তুমব্রুতে বুলেট

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ০২:১০ এএম

কক্সবাজারের উখিয়ার পাশর্^বর্তী নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ও তুমব্রু সীমান্তে আবারও গোলাগুলির শব্দ শোনা যাচ্ছে। গতকাল শুক্রবার দুপুরের পর থেকে মর্টার শেলের মতো ভারী অস্ত্রের গোলার শব্দে কেঁপে উঠেছে পুরো সীমান্ত এলাকা। এদিন ঘুমধুমের তুমব্রু কোনারপাড়ায় এক ব্যক্তির বাড়ির উঠানে এসে পড়েছে একটি বুলেট। একই দিন বিকেলে বাংলাদেশ সীমান্ত দিয়ে উড়তে দেখা গেছে মিয়ানমার সেনাদের উড়োজাহাজ।

সংলগ্ন এলাকায় বসবাসকারীরা বলেছেন, প্রায় এক মাস ধরে মিয়ানমারের ভেতরে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটছে। এতে সীমান্ত এলাকায় থাকা বাংলাদেশিরা আছেন আতঙ্কে, কখন যেন মিয়ানমারের গোলা এসে এখানে পড়ে এ শঙ্কায় সবাই। ছেলেমেয়েরা রাতে ঘুমাতে গেলে ভয় পায়। সন্ধ্যার পর থেকে কেউ আর ঘর থেকে বের হয় না।

এদিকে শুক্রবার বিকেল ৩টার দিকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম এলাকার কোনারপাড়া সীমান্ত পিলার ৩৪-৩৫-এর পাশে উড়েছে মিয়ানমার সেনাবাহিনীর একটি উড়োজাহাজ। তবে দেখা যায় এ বিষয়ে বিজিবি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

তুমব্রু এলাকার বাসিন্দা মাহমুদুল হাসান বলেন, ‘এক মাস ধরে মিয়ানমারের ভেতর থেকে প্রচণ্ড গোলাগুলির আওয়াজ আসছে। অন্যান্য দিনের তুলনায় আজ (শুক্রবার) একটু বেশি। এখানকার মানুষ ভয়ে আছে। কখন যে কী হয়।’

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঘুমধুমের তুমব্রু সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে জান্তা সরকারের সেনাবাহিনী ও স্বাধীনতাকামী আরকান আর্মির (এএ) মধ্যে তুমুল যুদ্ধ চলছে। 

গতকাল বিকেল ৪টার দিকে বাংলাদেশের অভ্যন্তরে ঘুমধুমের তুমব্রু কোনারপাড়ার শাহজাহানের বাড়ির উঠানে এসে পড়ে একটি বুলেট।

শাহজাহানের স্ত্রী বলেন, আছরের নামাজের পরপর ওপার থেকে একটি বুলেট ছুটে এসে আমার বাড়ির উঠানে পড়ে। এ পরিস্থিতিতে আমার ছেলেমেয়েসহ পাড়া-প্রতিবেশীরা অসহায় বোধ করছি।’ 

তুমব্রু সীমান্তে আশ্রিত রোহিঙ্গা মৌলভী ওবায়দুল হক বলেন, ‘আমরা এমনিতে কপালপোড়া, তার ওপর সীমান্ত ঘেঁষে মগ ও বাগীদের মধ্যে চলছে যুদ্ধ।’ তিনি আরও বলেন, ‘কিছুদিন ওয়ালিড়ং নামক জায়গায় তারা যুদ্ধ করছিল আর এখন আমাদের পিঠের ওপর যুদ্ধ চলছে।’

শাহজাহানের বাড়িতে একটি বুলেট পড়ার বিষয়টি নিশ্চিত করেছেন  ঘুমধুম ইউপির চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর আজিজ।  এর আগে ২৮ আগস্ট বেলা ৩টার দিকে মিয়ানমার থেকে নিক্ষেপ করা দুটি মর্টার শেল অবিস্ফোরিত অবস্থায় বান্দরবানের ঘুমধুমের তমব্রু উত্তর মসজিদের কাছে পড়ে। এরপর ৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টায় মিয়ানমারের যুদ্ধবিমান থেকে ছোড়া দুটি গোলা বাংলাদেশের অভ্যন্তরে ঘুমধুম এলাকায় পড়ে। ঘটনার পরপরই সীমান্তে টহল ও নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত