জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং ভোলায় নুরে আলম, আবদুর রহিম ও নারায়ণগঞ্জে শাওন প্রধান হত্যার প্রতিবাদে ১৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর ১৬ স্পটে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে বিক্ষোভ সমাবেশ আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে। গতকাল শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণের মতিঝিল-পল্টন-শাহজাহানপুর থানার যৌথ উদ্যোগে আয়োজিত সমাবেশে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল বলেন, ‘আমাদের আন্দোলন থেমে নেই। গত আগস্ট মাস থেকে যে আন্দোলন শুরু করেছি তা চলছে। আমাদের এই আন্দোলন চলতেই থাকবে। ঢাকা মহানগরীর ১৬ স্পটে বা জোনে এই প্রতিবাদ সমাবেশ আমরা করব, যা শুরু হয়েছে আজকের এই সমাবেশের মধ্য দিয়ে। ২৭ তারিখ পর্যন্ত ঢাকার বিভিন্ন জোনে এই সমাবেশ কর্মসূচি হবে। এরপর আরও বৃহত্তর কর্মসূচি দেশজুড়ে আমরা দেব।’
এ সময় তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আসুন, আমরা এই কর্মসূচিতে শরিক হই এবং একযোগে আওয়াজ তুলিÑ ‘ফয়সালা হবে কোন পথে, রাজপথে রাজপথে’। ‘টেক ব্যাক, বাংলাদেশ বাংলাদেশ’।
এ সময় মির্জা ফখরুল আশা প্রকাশ করে বলেন, ‘পরিষ্কার করে বলতে চাই, আমরা সবার সঙ্গে বন্ধুত্ব চাই, অবশ্যই ভারতের সঙ্গেও বন্ধুত্ব চাই। আমরা মনে করি, ভারত আমাদের বন্ধুপ্রতিম দেশ। আশা করি ১৯৭১ সালে বাংলাদেশের জনগণকে স্বাধীনতা যুদ্ধে সহযোগিতা করেছিল যে ভারত, তারা অবশ্যই এদেশের মানুষের যে গণতান্ত্রিক সংগ্রাম, যে লড়াই তাতেও সহযোগিতা করবে।’
মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক হারুন উর রশীদের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক এস কে সিকদার কাদিরের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন ঢাকা উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, উত্তরের সদস্য সচিব আমিনুল হক, দক্ষিণের রফিকুল আলম মজনু, মহিলা দলের সভানেত্রী আফরোজা আব্বাসসহ শাহবাগ-পল্টন-মতিঝিল থানা ও মহাগরের নেতারা।
