ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে নবম শ্রেণির এক ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে দল বেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলা সদর থেকে ঠাকুরগাঁও জেলা কারাগারে বন্দি বাবা ও ভাইকে দেখতে আসার পথে গলায় ছুরি ঠেকিয়ে অপহরণ করা হয় ওই স্কুলছাত্রীকে।
ঠাকুরগাঁওয়ের এই ঘটনা ছাড়াও দেশের বিভিন্ন জায়গায় আরও তিন নারী ও শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এরমধ্যে কিশোরগঞ্জের করিমগঞ্জে আট বছর বয়সী শিশু, মানিকগঞ্জের সিংগাইরে এক তরুণী এবং দিনাজপুরের হাকিমপুরে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। এছাড়া তদন্তকারী পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ধর্ষণের আলামত নষ্ট করার অভিযোগে ন্যায়বিচার চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর চিঠি লিখেছে বগুড়ার এক স্কুলছাত্রী।
বালিয়াডাঙ্গীতে ধর্ষণের শিকার স্কুলছাত্রী ওই উপজেলার বড় পলাশবাড়ি ইউনিয়নের মোড়লহাট গ্রামের বাসিন্দা। বালিয়াডাঙ্গীর ইউএনওর ভ্রাম্যমাণ আদালতের রায়ে কারাবন্দি রয়েছেন ওই ছাত্রীর বাবা ও ভাই। তাদের সঙ্গে দেখা করতে ঠাকুরগাঁও জেলা কারাগারে যাওয়ার পথে অপহরণ ও ধর্ষণের শিকার হতে হয় তাকে।
স্কুলছাত্রীর অভিযোগ অনুযায়ী, গতকাল দুপুরে বালিয়াডাঙ্গী থেকে ঠাকুরগাঁও শহরে যাওয়ার সময় মোড়লহাট এলাকার আসলাম ও বাবুলসহ ৫-৬ জন গলায় ছুরি ঠেকিয়ে তাকে অপহরণ করে। পরে দলবদ্ধ ধর্ষণে অচেতন হয়ে পড়লে ওইদিন রাত ১২টার দিকে জেলা সদরের শ্রী কৃষ্টপুর ইক্ষু খামারে তাকে ফেলে যায় ধর্ষকরা। পরে স্থানীয় বাসিন্দারা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
গতকাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ছাত্রী সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলে, জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশী চাচা তার বাবা ও ভাইকে মিথ্যা অভিযোগে কারাগারে পাঠায়। বাবা-ভাইকে দেখতে আসার সময় সেই চাচা অটোরিকশায় তুলে গলায় ছুরি ধরে। পরে মাথায় আঘাত করলে সে অচেতন হয়ে পড়ে। চেতনা ফিরলে দেখে একটি ঘরে ছয়জন তাকে ঘিরে ধরে আছে। পরে তার ওপর নির্যাতন করা হলে ফের চেতনা হারায়। এরপর চেতনা ফিরলে নিজেকে সদর হাসপাতালের শয্যায় দেখতে পায়।
স্কুলছাত্রীর মা বলেন, ‘আমাদের বাড়িতে কোনো পুরুষ নেই। দুই ছেলের মধ্যে এক ছেলে পলাতক, আরেক ছেলে ও স্বামী জেলখানায়। মেয়েটা বাবা ও ভাইকে দেখতে গিয়ে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়।’
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত নার্স জানান, নির্যাতনের ফলে স্কুলছাত্রীর যৌনাঙ্গ ফেটে গিয়েছে। সেখানে চারটি সেলাই দেওয়া হয়েছে। এছাড়া মাথায় আঘাত করায় সেখানেও ক্ষত হয়েছে এবং পেটেও ছুরির আঘাতের চিহ্ন রয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনাম বলেন, ‘আমি বিষয়টি শুনেছি। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ বা এজাহার পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ধর্ষকের শাস্তি চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্কুলছাত্রীর চিঠি : বগুড়ায় ধর্ষণের শিকার এক স্কুলছাত্রী ধর্ষককে পাক হায়েনার সঙ্গে তুলনা করে বিচার চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর চিঠি লিখেছে। এসএসসি পরীক্ষার্থী ওই স্কুলছাত্রীর অভিযোগ, জেলার ধুনট উপজেলায় মুরাদুজ্জামান মুকুল (৪৮) নামে এক প্রভাষক কয়েক দফা তাকে ধর্ষণ করেছেন। ওই স্কুলছাত্রী নিজ হাতে লেখা চিঠি গত ৩ সেপ্টেম্বর ডাকযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠিয়েছে বলে জানা গেছে।
অভিযুক্ত মুরাদুজ্জামান মুকুল ধুনটের জালশুকা হাবিবর রহমান ডিগ্রি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রভাষক এবং শৈলমারি গ্রামের মতিউর রহমানের ছেলে। স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় মুকুল প্রায় ৪ মাস ধরে বগুড়া জেলা কারাগারে আটক রয়েছেন।
ওই স্কুলছাত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মা সম্বোধন করে লেখা চিঠিতে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি করেছে। বিচার না পেলে বাঁচবে না বলেও চিঠিতে উল্লেখ করেছে।
এদিকে ডাক্তারি পরীক্ষায় স্কুলছাত্রীকে ধর্ষণের আলামত মিলেছে। বর্তমানে মামলাটি তদন্ত করছে বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। মামলাটি প্রথমে ধুনট থানার ওসি কৃপা সিন্ধু বালা তদন্ত করেন। কিন্তু তার বিরুদ্ধে ধর্ষণের আলামত নষ্ট করার অভিযোগ করেন মামলার বাদী স্কুলছাত্রীর মা। এ কারণে মামলাটি তদন্তের দায়িত্ব ডিবিতে হস্তান্তর করা হয়।
কিশোরগঞ্জে ৮ বছরের শিশু ধর্ষণ : কিশোরগঞ্জের করিমগঞ্জে আট বছর বয়সী এক শিশু ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার সন্ধ্যায় বারঘরিয়া ইউনিয়নের হাসনপুর গ্রামের ওই ঘটনা ঘটে। অভিযুক্ত ধর্ষক মোজাম্মেল হককে (১৯) পুলিশ গ্রেপ্তার করে গতকাল সকালে আদালতে পাঠায়। সে হাসনপুর গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে।
পুলিশ ও সংশ্লিষ্টরা জানায়, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে শিশুটি অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করতে বাড়ি থেকে বের হয়। বেলা ১টার দিকে শিশুটিকে চাকুর ভয় দেখিয়ে গ্রামের এক ব্যক্তির বসতঘরে নিয়ে যায় মোজাম্মেল। সেখানে শিশুটিকে ধর্ষণ করে। এ সময় রক্তাক্ত শিশুটির গোঙানির শব্দ পেয়ে এলাকার কয়েকজন এগিয়ে গেলে মোজাম্মেল দৌড়ে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে করিমগঞ্জ থানায় মামলা করার পর মোজাম্মেলকে গ্রেপ্তার করে পুলিশ।
সিংগাইরে তরুণীকে দল বেঁধে ধর্ষণ : মানিকগঞ্জের সিংগাইরে ২১ বছর বয়সী এক তরুণীকে দল বেঁধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ধল্লা ইউনিয়নের পূর্ববাস্তা গ্রামের বিল্লালের নির্মাণাধীন বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে মনির হোসেন (৩৫) নামে একজনকে আটক করেছে। আটককৃত মনির পশ্চিম বাস্তা গ্রামের ইকরার পুত্র। ধর্ষণে আটক মনির ছাড়াও ওই এলাকার শারজালের ছেলে ফুলচাঁন (৩০) এবং আব্দুর রহমানের ছেলে আনিস (৩৪) জড়িত রয়েছে বলে তরুণী থানায় দেওয়া লিখিত অভিযোগে উল্লেখ করেছেন।
হিলিতে গৃহবধূ ধর্ষণের অভিযাগে যুবক গ্রেপ্তার : দিনাজপুরের হাকিমপুরের হিলিতে ঘরে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ফজলুল হক (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে গ্রেপ্তারের পর গতকাল দুপুরে তাকে আদালতে পাঠায় পুলিশ।
হাকিমপুর থানার ওসি আবু ছায়েম মিয়া জানান, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে গৃহবধূর স্বামী বাড়ি থেকে দোকানে যান। স্বামীর অনুপস্থিতির সুযোগে গৃহবধূর ঘরে ঢুকে প্রতিবেশী ফজলুল হক তাকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। একপর্যায়ে গৃহবধূর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যান ফজলুল হক। এ ঘটনায় শুক্রবার রাতে ফজলুকে আসামি করে মামলা করে ওই গৃহবধূর পরিবার।
প্রতিবেদনটি তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন সংশ্লিষ্ট জেলা ও উপজেলার প্রতিনিধিরা
