বজ্রপাতে প্রাণ গেল ৩ শিশু-কিশোরের

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ০১:৫৮ এএম

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে বিলে শাপলা ফুল তুলতে গিয়ে বজ্রপাতে তিন শিশু-কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুর ২টার দিকে ধামারণ গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় আহত হয় আরেক কিশোর।

নিহতরা হলো টঙ্গীবাড়ির পশ্চিম ধামারণ গ্রামের মোমেন আলী বেপারীর ছেলে রবিউল হাসান (১৫), একই উপজেলার সোনারং গ্রামের কামালের ছেলে সাইফুল ইসলাম লামিম (১০) এবং একই গ্রামের সাইফুল মোল্লার মেয়ে সানজিদা আক্তার (৯)। তাদের সঙ্গে বজ্রপাতে আহত হয় সিফাত (১৫) নামে আরেক কিশোর। হতাহতরা সবাই সম্পর্কে মামাতো ও ফুপাতো ভাই-বোন।

টঙ্গীবাড়ি থানার ওসি রাজিব খান জানান, গতকাল দুপুরে নৌকায় চড়ে দক্ষিণ ধামারণ গ্রামের বিলে শাপলা তুলতে যায় চার শিশু-কিশোর। শাপলা তোলার সময় হঠাৎ বজ্রপাতে ওই শিশু-কিশোরদের শরীর ঝলসে যায়। পরে বিলে থাকা স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে তিনজনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানকার জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক রবিউল, লামিম ও সানজিদাকে মৃত ঘোষণা করেন। আহত সিফাতকে টঙ্গীবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এদিকে শিশু-কিশোরদের মৃত্যুর খবরে স্বজনরা ছুটে আসেন মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে। এ সময় তাদের কান্না আর আহাজারিতে সেখানকার পরিবেশ ভারী হয়ে ওঠে।

নিহত কিশোর রবিউলের বাবা মোমেন আলী বেপারী বলেন, ‘আমি অন্য জায়গায় কাজে ছিলাম। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসি। এসে দেখতে পাই আমার সন্তান ও ভাগ্নি মারা গেছে।’

নিহত সানজিদার বাবা সাইফুল মোল্লা বলেন, ‘চার ভাই-বোন মিলে বিলে শাপলা কুড়াতে যায়। বজ্রপাত ওদের মধ্যে তিনজনের জীবন কেড়ে নিল।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত