শাহজাদপুরে পৃথক স্থান থেকে ২ লাশ উদ্ধার

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ০৪:৩৮ পিএম

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বেলতৈল ইউনিয়নের ঘোড়শাল বিলের পানি থেকে পুলিশ রবিবার দুপুরে আব্দুল আলিম (৩৮) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে।

একইদিন সকালে পুলিশ উপজেলার পৌর সদরের পাড়কোলা গ্রামের নিজ বাড়ি থেকে পঞ্চম শ্রেণির ছাত্রী জাহানারা খাতুনের (১১) লাশ উদ্ধার করা হয়।

নিহত জাহানারা খাতুনের বাবা আফান প্রামাণিক বলেন, ‘জাহানারা সকালে মাদ্রাসায় আরবি পড়ে। তাকে এ দিন মাদ্রাসায় যেতে বললে সে অস্বীকৃতি জানায়। এ জন্য তাকে শাসন করায় সে অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।’

অপরদিকে শাহজাদপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল মজিদ জানান, বিলের পানিতে লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, লাশের পাশে একটি কীটনাশকের খালি বোতল পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক অশান্তির কারণে সে কীটনাশক পান করে আত্মহত্যা করেছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে।

তিনি আরও বলেন, জাহানারা খাতুনের মৃত্যু সন্দেহজনক হওয়ায় তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায়ও থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে।

ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে এ দুটি ঘটনা হত্যা না আত্মহত্যা তা জানা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত