বাহরাইনের ড্র সাহস জোগাচ্ছে যুবাদের

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২২, ১১:১১ পিএম

শক্তিশালী বাহরাইনকে তাদের মাঠেই রুখে দিয়ে স্বপ্নটা আরও বড় হয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের ফুটবলারদের। শনিবার রাতে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ের ‘বি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে বাহরাইনের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ। তাতে গ্রুপের সেরা দুই দলের একটি হয়ে চূড়ান্তপর্বে যাওয়ার লক্ষ্যটা একটু হলেও সহজ হয়েছে লাল-সবুজ যুবাদের। আজ তারা প্রথম জয় তুলে নিতে মাঠে নামবে ভুটানের বিপক্ষে।

বাহরাইনে অনুষ্ঠিতব্যে এই গ্রুপে এখন সবার ওপরে আছে ভুটান। তারা প্রথম ম্যাচে হারিয়েছে নেপালকে ২-০ গোলে। অর্থাৎ আজ ভুটানকে হারালে শীর্ষে উঠে যাবে রাশেদ পাপ্পুর দল। বাহরাইনকে রুখে দেওয়ার পর সে আশা করতেই পারে বাংলাদেশ। প্রায় পুরোটা ম্যাচ রক্ষণ সামলে সফল বাংলাদেশ মূল্যবান এক পয়েন্ট পেয়েছে সম্প্রতি ভারতে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে ভালো করায়। দলের অধিনায়ক তানভীর হোসেন সেটাই জানালেন, ‘আমাদের আত্মবিশ্বাস ছিল কিছু একটা করতে পারব। সাফের আসরে ফাইনাল খেলে সেটা আমরা অর্জন করেছিলাম। সবাই যার যার জায়গা থেকে সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। এ কারণেই পয়েন্ট দিয়ে অভিযান শুরু করতে পেরেছি।’ নেপালকে হারিয়ে শুরু করা ভুটানকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না তানভীর, ‘বয়সভিত্তিক পর্যায়ে যে কোনো ফল হতে পারে। তাই আমরা সতর্ক থেকেই ভুটানের মোকাবিলা করব। ওদের হারাতে হলে গোল পেতে হবে আমাদের। সুযোগগুলো কাজে লাগাতে হবে। তাহলেই তিন পয়েন্ট পাওয়া সম্ভব।’

ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত