অনলাইনে জুয়া ও অবৈধ মাল্টিলেভেল মার্কেটিংয়ের (এমএলএম) মাধ্যমে ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে একটি চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাজধানীর খিলক্ষেত থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের সময় এ ৩ জনের কাছ থেকে অনলাইনে জুয়া ও অবৈধ এমএলএম কার্যক্রম পরিচালনার কাজে ব্যবহৃত ৫টি মোবাইল ফোন ও ৭টি সিম কার্ড জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. সাদ্দাম হোসেন মিজি (৩৬), সহিদুল ইসলাম আলমগীর (৩৭) ও আলমগীর খান (৩৫)।
গতকাল রবিবার তাদের গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ তারেক বিন রশিদ।
তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে অ্যাপসের মাধ্যমে অনলাইনে জুয়া ও অবৈধ মাল্টিলেভেল মার্কেটিং কার্যক্রম পরিচালনা করে আসছিল। সুপার অ্যাডমিন ফ্রান্স থেকে ওয়েবসাইট ও অ্যাপস নিয়ন্ত্রণ করা হয়। বিভিন্ন দেশে দেখভালের জন্য বেশকিছু ম্যানেজার নিয়োগ করা আছে তাদের। চক্রটি গত এক বছরে ৩ কোটি টাকা আত্মসাৎ করেছে।
