ডেঙ্গুতে এক দিনে এ বছরের সর্বোচ্চ রোগীর হাসপাতালে ভর্তির রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৩৬০ জন রোগী ও মারা গেছে ১ জন।
এর আগে এ বছরের সর্বোচ্চ রোগীর রেকর্ড ছিল গত শনিবার ২৯৪ জন। তারও আগে গত ৬ সেপ্টেম্বর এক দিনে ২৮৪ জন হাসপাতালে ভর্তি হয়েছিল ও মারা গিয়েছিল পাঁচজন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ২৩৯ জন ও ঢাকার বাইরে ভর্তি হয়েছে ১২১ জন। এ নিয়ে গতকাল পর্যন্ত এ বছর মোট ৮ হাজার ৭৫০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হলো। তাদের মধ্যে ঢাকায় ভর্তি হয়েছে ৭ হাজার ৭১ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ১ হাজার ৬৭৯ জন। এ বছর ডেঙ্গুতে মোট মারা গেছে ৩৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, এ মাসের গত ১১ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ২ হাজার ৫৬৯ জন ও মারা গেছে ১২ জন। এর আগের মাসে আগস্টে মোট আক্রান্ত হয়েছে ৩ হাজার ৫২১ জন ও মারা গেছে ১১ জন। এ ছাড়া জুলাইয়ে ১ হাজার ৫৭১ জন আক্রান্ত হয়েছে ও মারা গেছে ৯ জন, জুনে আক্রান্ত ৭৩৭ জন ও মৃত্যু ১ জনের।
বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ১২৮ জন ভর্তি রয়েছে। তাদের মধ্যে ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ৮৯৩ জন। ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে ২৩৫ জন।
