ঢাকার কেরানীগঞ্জে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে ৯৮ ভরি স্বর্ণ লুটের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. কামরুজ্জামান নামের পুলিশের এক কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ থানার কনস্টেবল।
এছাড়া রাজধানীর পল্লবী থানা এলাকায় এক পথচারীকে মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহবুবুল আলমসহ তিনজনকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছে আদালত।
কেরানীগঞ্জ মডেল থানা সূত্রে জানা গেছে, গত ২ সেপ্টেম্বর মানিকগঞ্জ থেকে এক স্বর্ণ ব্যবসায়ী ৯৮ ভরি স্বর্ণ রাজধানী তাঁতীবাজারে বিক্রি করার উদ্দেশে নিয়ে আসেন। তাকে অনুসরণ করে এক ব্যক্তি। সে মূলত পুলিশের ইনফরমার। শুক্রবার তাঁতীবাজার অধিকাংশ দোকান বন্ধ থাকায় ওই ব্যবসায়ী তার সঙ্গে থাকা স্বর্ণ বিক্রি করতে পারেননি। ফলে তিনি ওই স্বর্ণ নিয়েই কেরানীগঞ্জ হয়ে মানিকগঞ্জ ফিরছিলেন। কেরানীগঞ্জের জিনজিরা সাজেদা হাসপাতালের সামনে এলে আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন লোক পুলিশ পরিচয় দিয়ে তাকে আটক করে গাড়িতে তুলে নেয় এবং তার সঙ্গে থাকা স্বর্ণ রেখে দিয়ে তাকে কেরানীগঞ্জের ঝিলমিল এলাকায় ছেড়ে দেয়। পরে এ ঘটনায় ওই ব্যবসায়ী মামলা করলে পুলিশ তদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তায় এ ঘটনার সঙ্গে লালবাগ থানার কনস্টেবল কামরুজ্জামানের সম্পৃক্ততার প্রমাণ পায় এবং তাকে গ্রেপ্তার করে।
কেরানীগঞ্জ মডেল থানার এস আই অলোক কুমার দে দেশ রূপান্তরকে বলেন, ‘শনিবার ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে আমাদের কাছে হস্তান্তর করেছে। কালকে (আজ সোমবার) সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।’
এদিকে পথচারীর পকেটে মাদক দিয়ে ফাঁসাতে গিয়ে গ্রেপ্তার পল্লবী থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহবুবুল আলমসহ তিনজনকে রিমান্ড শেষে করাগারে পাঠিয়েছে আদালত। কারাগারে যাওয়া অপর আসামি হলেনÑ রুবেল ও সোহেল রানা।
গতকাল রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ তাদের জামিনের আবেদন নাকচ করে দিয়ে করাগারে পাঠানোর আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক আনোয়ার হোসেন প্রত্যেকে কারগারে রাখার আবেদন করেন ।
গত বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদীর আদালত প্রত্যেককে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
মামলা সূত্রে জানা যায়, আসামি এএসআই মাহবুবুল আলম একজন সোর্সের কাছ থেকে ইয়াবার প্যাকেট নিয়ে পথচারীর খলিলুর রহমানের পকেটে ঢুকিয়ে দেন, পথচারীর বিরুদ্ধে পল্লবী থানায় মাদক মামলা দেয় পুলিশ। পরবর্তীতে পথচারীর পকেটে মাদক ঢুকিয়ে দেওয়ার ভিডিও একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হওয়ার পরে পল্লবী থানার উপপরিদর্শক খালিদ হাসান তন্ময় রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় এএসআই মাহবুবুল আলমসহ তিনজনের বিরুদ্ধে এ মামলাটি দায়ের করেন।
