স্বরাষ্ট্রমন্ত্রী বললেন

পূজামন্ডপে সিসি ক্যামেরা, ভ্রাম্যমাণ আদালত থাকবে

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, ০৩:১৬ এএম

আসন্ন দুর্গাপূজায় প্রতিটি মন্ডপে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, সিসি ক্যামেরার আওতায় থাকবে দেশের সবকটি পূজামন্ডপ। প্রীতিকর পরিস্থিতি এড়াতে পূজা শেষ না হওয়া পর্যন্ত স্থায়ীভাবে আনসার সদস্য রাখা হবে। এ ছাড়া থাকবে ভ্রাম্যমাণ আদালত।

গতকাল রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় আইন প্রয়োগকারী সংস্থাগুলোর শীর্ষ কর্তারা উপস্থিত ছিলেন।

তিনি হুঁশিয়ার করে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো ধরনের অপপ্রচার করলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আসাদুজ্জামান খান বলেন, ‘আমরা বলেছি, প্রতিটি মণ্ডপে ক্লোজ সার্কিট (সিসি) টিভি ক্যামেরা থাকতেই হবে। নিজস্ব স্বেচ্ছাসেবক থাকবে। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতও তৎপর থাকবে। মন্ডপ কর্তৃপক্ষ আনসারদের থাকার ব্যবস্থা করে দেবেন।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা জানতে পেরেছি এবার গতবারের চেয়ে মণ্ডপের সংখ্যা  বেশি।’

আগামী ১ অক্টোবর থেকে ৫ অক্টোবর পর্যন্ত সারা দেশে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এবার ৩২ হাজার ১৬৮ মণ্ডপে পূজা হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘আমি অনুরোধ করেছি মন্ডপের সংখ্যা যাতে আর না বাড়ে, বরং কম হয় তাহলে নিরাপত্তা দিতে আমাদের জন্য সুবিধা।’ তিনি আরও বলেন, সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সংখ্যক নিরাপত্তা বাহিনী, এটা পুলিশ হতে পারে আনসার হতে পারে,  যেখানে যেটা প্রয়োজন সেভাবে ব্যবস্থা করা হবে। স্বেচ্ছাসেবক যারা থাকবে তাদের  যেন আর্মড ব্যান্ড থাকে এটা নিশ্চিত করতে বলা হয়েছে, যাতে করে বোঝা যায় কারা  স্বেচ্ছাসেবক। বড় মণ্ডপে নিরাপত্তা বাহিনীর টহলে থাকবে। মণ্ডপে আসা নারী এবং শিশুদের ইভটিজিং ও মাদক সেবন বা যে কোনো অনাকাক্সিক্ষত ঘটনা রোধে মণ্ডপ কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনের সহযোগিতা নেবেন।

যে কোনো জরুরি প্রয়োজনে এ সংক্রান্ত জাতীয় সেবার হেল্প ডেস্ক নম্বর ৯৯৯-এ  ফোন করতে বলা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রতি মণ্ডপে পুরুষ ও নারীদের জন্য আলাদা পথ রাখতে হবে। এটাও জানিয়ে দেওয়া হয়েছে। আজান-নামাজের সময় মসজিদের পার্শ্ববর্তী পূজামণ্ডপগুলোতে শব্দযন্ত্রের ব্যবহার সীমিত রাখতে অনুরোধ করা হয়েছে। পূজামণ্ডপে জুয়া ও মাদক নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। দুষ্কৃতকারীদের অশুভ তৎপরতা রোধে ভ্রাম্যমাণ আদালত সক্রিয় থাকবে। মণ্ডপে স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করার জন্য আলোচনা করা হয়েছে।

সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার-গুজব যাতে না ছড়াতে পারে সেদিকে নজর রাখা হবে। কেউ এ ধরনের অপচেষ্টা করলে কঠোর ব্যবস্থার মুখোমুখি হতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত