এলিজাবেথের জন্য ঢাকায় শোকবই

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, ০৩:১৮ এএম

ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে শোকবই খুলেছে ঢাকায় দেশটির হাইকমিশন। গতকাল রবিবার এ শোকবই খোলা হয়। ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসনের বাসভবনে রাখা এ শোকবইয়ে আগামী বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মন্তব্য লেখা যাবে।

গতকাল বিএনপি ও জাতীয় পার্টির পক্ষ থেকে শোকবইয়ে রানীর স্মৃতিচারণ এবং তার আত্মার শান্তি কামনা করা হয়। ব্রিটেনের সবচেয়ে দীর্ঘমেয়াদি রাজশাসক রানী দ্বিতীয় এলিজাবেথ ৭০ বছর রাজত্ব করার পর গত বৃহস্পতিবার ব্যালমোরাল প্রাসাদে মারা যান। তার বয়স হয়েছিল ৯৬ বছর। রানী এলিজাবেথের মৃত্যুতে তিন দিনের শোক ঘোষণা করেছে বাংলাদেশ। গত শুক্র, শনি ও রবিবার দেশের সর্বত্র জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। এ ছাড়া রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে রানী এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে আগামী বৃহস্পতিবার লন্ডন যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৯ সেপ্টেম্বর তিনি শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেবেন। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত শনিবার আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় আওয়ামী লীগ সভাপতি রানীর শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেওয়ার কথা বলেছেন বলে বৈঠকে উপস্থিত একাধিক সদস্য গণমাধ্যমকে জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ প্রসঙ্গে বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার আগে শেখ হাসিনা সাধারণত কয়েক দিন লন্ডনে অবস্থান করেন। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর লন্ডনে যাওয়ার কথা এবং ১৮ সেপ্টেম্বর সেখান থেকে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। এখন সফরসূচিতে পরিবর্তন আনা হয়েছে। লন্ডনে এক দিন বাড়তি থেকে তিনি ১৯ সেপ্টেম্বর রানীর শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেবেন।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী ১৫ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বাইরে অবস্থান করবেন। এর মধ্যে ২৩ সেপ্টেম্বর তিনি সাধারণ পরিষদের অধিবেশনে বরাবরের মতো বাংলায় ভাষণ দেবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত