ভারত জুজুতেই সেমিফাইনাল থেকে বিদায় বাংলাদেশের

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, ০৭:৪৩ পিএম

দুর্দান্ত পারফর্ম দেখানো গ্রুপ পর্ব শেষে ফাইনালের আশা জেগেছিল। তবে সেমিফাইনালের বাধা কাটাতে পারেনি বাংলাদেশ। আজ সোমবার শ্রীলংকার কলম্বোয় অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের সেমিতে ভারতের কাছে ২-১ গোলে হেরেছে লাল-সবুজ কিশোররা। পল স্মলির শিষ্যরা ভারত জুজুতে বিদায় নিলো টুর্নামেন্ট থেকে।

প্রথমার্ধ গোলশূন্য ছিল। লড়াই হয়েছে সমানে সমান। কিন্তু দ্বিতীয়ার্ধে অল্প সময়ের ব্যবধানে দুটি গোল খেয়ে ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ। ৫১ মিনিটে ভারতকে এগিয়ে দেন থ্যাংলাল গাংতি। ৫৯ মিনিটে অফসাইড ট্র্র্যাপ ভেঙ্গে গাংতি করেন দ্বিতীয় গোল।

গাংতি অফসাইডে ছিলেন ভেবে বাংলাদেশের ডিফেন্ডাররা দাঁড়িয়ে গিয়েছিলেন। কিন্তু সহকারী রেফারি বাংলাদেশের খেলোয়াড়দের অফসাইডের আবেদন উপেক্ষা করলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত।

পরের মিনিটে পেনাল্টি পায় বাংলাদেশ। মিরাজুল ইসলাম গোল করে ব্যবধান ২-১ করেন। এরপর বাংলাদেশ একের পর এক আক্রমন তৈরি করেও ভারতের রক্ষণ ভাংতে পারেনি। মাঝমাঠ থেকে তৈরি হওয়া আক্রমনগুলো দুই উইং দিয়ে ভারতের বক্সে গিয়ে বাধা পড়ে।

ভারতের কিশোরদের দুর্দান্ত ডিফেন্ডিংয়ে তাদের গোলমুখ খুলতে পারেনি বাংলাদেশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত