প্রথমবার এত প্রশংসা

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২২, ১১:৪৭ পিএম

মৌনি রায়ের কাছ থেকে এখনো নাগিন তকমা ধুয়ে যায়নি। তার হাত ধরেই ভারতীয় হিন্দি সিরিয়ালের জগতে অন্যতম জনপ্রিয় সিরিজ ‘নাগিন’ প্রতিষ্ঠা পায়। তাই এখনো মৌনি রায় কোথাও গেলে তাকে নাগিন নিয়ে কথা শুনতে হয়। এ নিয়ে তাকে ব্যঙ্গও কম হতে হয় না। এই বাঙালি ললনা এখন পুরোদস্তুর বলিউড নায়িকা। অক্ষয় কুমারের সঙ্গে ‘গোল্ড’ সিনেমা দিয়ে বড় পর্দায় আত্মপ্রকাশ। প্রথম ছবিতেই অভিনয়ের জন্য বেশ প্রশংসা কুড়ান। ফিল্মফেয়ারে নবাগত অভিনেত্রীর মনোনয়নও জোটে। এরপর জন আব্রাহামের সঙ্গে ‘রোমিও আকবর ওয়াল্টার’, রাজকুমার রাওয়ের সঙ্গে ‘মেড ইন চায়না’সহ বেশ কিছু ছবিতে কাজ করেছেন মৌনি। কিন্তু কাক্সিক্ষত সাফল্য ছিল নাগালের বাইরে। অবশেষে যেন সেই সাফল্যের স্বাদ পেতে শুরু করেছেন এই সুন্দরী।

এত তারকার সঙ্গে একই ছবিতে, স্বপ্নেও ভাবেননি মৌনি রায়। সব মিলিয়ে নিজের ‘ব্রহ্মাস্ত্র’ ভ্রমণ নিয়ে দারুণ উচ্ছ্বসিত তিনি। অয়ন মুখার্জি পরিচালিত এ ছবিতে অমিতাভ বচ্চন, রণবীর কাপুর, আলিয়া ভাট, নাগার্জুনের মতো তারকারা আছেন। শাহরুখ খানকে এই ছবিতে অতিথি চরিত্রে দেখা যাচ্ছে। এত তারকার ভিড়ে ঠিকই নিজের জায়গা করে নিয়েছেন মৌনি। আর এখানেই তার সার্থকতা। কারণ এত তারকার মধ্যে নিজেকে প্রমাণ করা সবচেয়ে কঠিন কাজ। সেই চ্যালেঞ্জে জয়ী হয়েছেন অভিনেত্রী। এই ছবির প্রধান খলচরিত্রেই দেখা যাচ্ছে মৌনিকে। এ প্রসঙ্গে মৌনি বলেছন, ‘রণবীর, আলিয়া, বচ্চন স্যার, নাগার্জুন স্যার, শাহরুখ স্যারের সঙ্গে কাজ করে দারুণ আনন্দ পেয়েছি। “ব্রহ্মাস্ত্র”র ফ্যান্টাসির দুনিয়ায় শামিল হতে পেরেছি, এ জন্য নিজেকে ভাগ্যবতী মনে করি। এসব অভিনয়শিল্পীর সঙ্গে কাজ করে নিজেকে সমৃদ্ধ করতে পেরেছি। শ্যুটিংয়ের সময় অনেক কিছু শিখেছিÑসবকিছুই আমার জীবন অনেকটা বদলে দিয়েছে।’

এখানেই শেষ নয়, ছবিটিকে মৌনি তুলনা করেছেন হলিউডের সুপারহিরো ছবির সঙ্গে। তিনি বলেন, ‘আমরা মার্বেল ও ডিসির ছবি দেখে অবাক হই। কিন্তু আমাদের দেশ তো গল্পের দেশ। অয়ন ছবিতে আমাদের দেশের কাহিনি জুড়ে এমন এক ফিকশন বানিয়েছে, যা দারুণ চমকপ্রদ।’

ধর্মা প্রোডাকশন প্রযোজিত ‘ব্রহ্মাস্ত্র’ ছবিতে মৌনির চরিত্রের নাম ‘জুনুন’। নিজের অভিনীত চরিত্রটি নিয়ে তিনি বলেন, ‘এখন পর্যন্ত আমার ক্যারিয়ারে যত চরিত্রে অভিনয় করেছি, তার মধ্যে “জুনুন” আমার কাছে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং। শুরুতে অতিথি চরিত্র হিসেবে ছবির সঙ্গে যুক্ত হয়েছিলাম। ধীরে ধীরে আমার চরিত্রটি দীর্ঘ হলো। এই ছবিতে ভিলেনের ভূমিকায় অভিনয় করা চ্যালেঞ্জিং হলেও দারুণ উপভোগ্য অভিজ্ঞতা।’ ৯ সেপ্টেম্বর ছবিটি মুক্তি পেয়েছে হিন্দি, তামিল, তেলেগু, কন্নড় ও মালায়লাম ভাষায়। তিন দিনে ভারতে ছবিটির আয় ১০০ কোটির কাছাকাছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত