বিবৃতিতে ফখরুল

সরকার দেশকে সন্ত্রাসের নগরীতে রূপান্তরিত করেছে

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২, ০২:২০ এএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, রাষ্ট্রক্ষমতা দখলে রেখে দুর্নীতি ও লুটপাটের রাজত্ব বজায় রাখতে সরকার পুরো দেশকে সন্ত্রাসের নগরীতে রূপান্তরিত করেছে।

গতকাল সোমবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘গত ১০ সেপ্টেম্বর বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচি পালনকালে আওয়ামী সন্ত্রাসীরা কুমিল্লা জেলাধীন মনোহরগঞ্জ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রহমত উল্যাহ জিকো, লাকসাম উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন আলম এবং লাকসাম নবাব ফয়জুন্নেসা সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক নুরুন্নবী মোহসিনসহ নেতাকর্মীদের পিটিয়ে গুরুতর আহত করেছে। এ ঘটনায় প্রমাণ হয়, রাষ্ট্রক্ষমতা দখলে রেখে বিরোধী দলের অস্তিত্ব ধ্বংস করার কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান সরকার।’

তিনি বলেন, ‘সারা দেশে এখন চরম নৈরাজ্য ও ভীতির পরিবেশ বিরাজ করছে। পুরো দেশ সন্ত্রাসের নগরীতে রূপান্তরিত হয়েছে। মিডনাইট ও বিনা ভোটের সরকারের উদ্দেশ্যই হচ্ছে রাষ্ট্রক্ষমতা দখলে রেখে দুর্নীতি ও লুটপাটের রাজত্ব বজায় রাখা। তাদের এ অনাচারের দুঃশাসন রুখে দিতে জনগণ এখন দৃঢ় সংকল্পবদ্ধ, ঐক্যবদ্ধ।’

বিবৃতিতে বিএনপি মহাসচিব কুমিল্লার মনোহরগঞ্জ ও লাকসাম উপজেলায় নেতাকর্মীদের ওপর হামলাকারী আওয়ামী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সে সঙ্গে হামলায় আহত নেতাকর্মীদের আশু সুস্থতা কামনা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত