বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ছাত্র-শ্রমিকসহ আটজন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে গতকাল সোমবার লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের যাদৈয়া আলিম মাদ্রাসা এলাকায় বাসের চাপায় এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। কুষ্টিয়ার কুমারখালীতে ট্রাক-ভ্যান-নসিমনের ত্রিমুখী সংঘর্ষে তিন শ্রমিক নিহত হয়েছেন। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সিএনজি উল্টে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম আহমদ হোসেন (৬৫)। গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৪০) এক রিকশাচালক নিহত হন। রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় এক রিকশাচালক নিহত হয়েছেন।
এদিকে রংপুরের তারাগঞ্জ উপজেলায় বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নবজাতকের মৃত্যুর পর মা মোসলেমা বেগম মারা গেছেন। গত রবিবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। তিনি মাথায় আঘাত পেয়েছিলেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। ওই দিন ভোরে উপজেলার খারুভাজ ব্রিজসংলগ্ন সলেয়াশা বাজার এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ হয়।
নিউমোনিয়া আক্রান্ত তিন দিনের নবজাতককে নিয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যাচ্ছিল পরিবারটি। এ নিয়ে ওই ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪। আহত একই পরিবারের আরও পাঁচজন ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিস্তারিত আমাদের নিজস্ব প্রতিবেদক, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
উত্তরায় রিকশাচালকের মৃত্যু : রাজধানীর উত্তরায় মোটরসাইকেলের ধাক্কায় গোলজার আলম (৫৫) নামে এক রিকশাচালক মারা গেছেন। নিহতের বাবার নাম আব্দুর রউফ। গ্রামের বাড়ি নওগাঁর পতœীতলা উপজেলার চকশ্রীপুর। দিয়াবাড়ি এলাকায় থাকতেন তিনি।
উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক আসাদুজ্জামান শেখ জানান, রবিবার গভীর রাতে উত্তরা ১০ নম্বর সেক্টরের ১০ নম্বর রোডে দ্রুতগতির একটি মোটরসাইকেল গোলজারের রিকশাটিকে সামনের দিক থেকে ধাক্কা দেয়। এতে রিকশা থেকে গোলজার রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। প্রথমে তাকে উদ্ধার করে উত্তরা আধুনিক হাসপাতাল নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মোটরসাইকেলচালক ইয়াসিন আরাফাত (১৮) সামান্য আহত হয়েছেন। তাকে হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আটক করে থানায় নেওয়া হয়। তার ড্রাইভিং লাইসেন্স নেই।
নিহতের চাচাতো ভাই বিপ্লব হোসেন জানান, সোমবার দুপুরে ঢামেক মর্গে লাশের ময়নাতদন্ত শেষে নওগাঁয় নিয়ে যাওয়া হয়েছে। পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানান বিপ্লব।
লক্ষ্মীপুরে বাসচাপায় মাদ্রাসাছাত্র নিহত : লক্ষ্মীপুর-ঢাকা মহাসড়কের যাদৈয়া আলিম মাদ্রাসা এলাকায় বাসের চাপায় এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছেন। তার নাম মো. জাবের হুসাইন। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে লক্ষ্মীপুর-ঢাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে। তিনি টুমচর কামিল মাদ্রাসার কামিল দ্বিতীয় বর্ষের ছাত্র ও সদর উপজেলার ভবানীগঞ্জের মো. ইদ্রিস মাঝির ছেলে।
পুলিশ জানায়, সোমবার দুপুরে লক্ষ্মীপুর থেকে মোটরসাইকেল নিয়ে চন্দ্রগঞ্জের দিকে যাচ্ছিলেন জাবের হুসাইন। এ সময় জাবেদ যাদৈয়া আলিম মাদ্রাসার কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে দ্রুত গতিতে ছেড়ে আসা যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জাবেরের মৃত্যু হয়।
চন্দ্রগঞ্জ থানার ওসি মোসলেহ উদ্দিন জানান, যাত্রীবাহ বাসের চাপায় জাবের হুসাইন নিহত হয়েছেন। তার মৃতদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বাসের চালক ও বাসটি আটকের চেষ্টা চলছে।
কুষ্টিয়ায় চারজন নিহত : কুষ্টিয়ার কুমারখালীতে ট্রাক-ভ্যান-নসিমনের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। গতকাল সোমবার ভোর সাড়ে ৫টার দিকে আলাউদ্দিন নগরের কালুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় কয়েকজন আহত হন। তাদের কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন কুষ্টিয়ার দৌলতপুর থানার গাফফার (৪০), সানোয়ার (৪০) ও এমদাদুল (৩৫)।
এদিকে গতকাল ভোররাতে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের এগারোমাইল এলাকায় একটি ট্রাককে অপর একটি ট্রাক ধাক্কা দিলে এক হেলপার নিহত হন।
স্থানীয়রা জানান, ভোড় সাড়ে ৫টার দিকে আলাউদ্দিন নগরের কালুর মোড় এলাকায় সিমেন্টবোঝাই ট্রাক ও সবজিবোঝাই ইঞ্জিনচালিত ভ্যান কুষ্টিয়ার দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে যাত্রীবাহী নসিমন দ্রুতগতিতে এলে ত্রিমুখী সংঘর্ষ হয়। এ সময় সিমেন্টবোঝাই ট্রাক উল্টে সড়কের পাশে খাদে পড়ে যায়। নসিমনে থাকা তিনজন নিহত হন।
রাঙ্গুনিয়ায় সিএনজি উল্টে একজনের মৃত্যু : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সিএনজি উল্টে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম আহমদ হোসেন। গতকাল বিকেল ৩টার দিকে উপজেলার চৌমুহনী টু গাবতল ডিসি সড়কের মোগলের হাট মির্জা কনভেনশন সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। তিনি মোগলের হাটে সবজির ব্যবসা করতেন।
প্রত্যক্ষদর্শী রফিক আহমেদ জানান, সিএনজিযোগে মোগলের হাট থেকে দুপুরে বাড়িতে যাওয়ার পথে মির্জা কনভেনশন সেন্টারের সামনেই সামান্য বাঁকে সিএনজি উল্টে গিয়ে আহমদ হোসেন গুরুতর আহত হন। তাকে আহত অবস্থায় রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে মারা যান।
গাজীপুরে কাভার্ড ভ্যানের ধাক্কায় রিকশাচালক নিহত : গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক রিকশাচালক নিহত হয়েছেন। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কোনাবাড়ী ফ্লাইওভারের ওপরে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালক বিজয়কে (১৮) আটক করেছে কোনাবাড়ী থানা পুলিশ।
পুলিশ জানায়, গতকাল দুপুরে ওই রিকশাচালক মৌচাক থেকে কড্ডার দিকে আসছিলেন। পথে কোনাবাড়ী ফ্লাইওভারে পৌঁছালে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যান পেছন থেকে রিকশাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই রিকশাচালকের মৃত্যু হয়। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে ফ্লাইওভারের ওপর থেকে লাশ উদ্ধার করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার এসআই কামরুজ্জামান লিটন জানান, অজ্ঞাতপরিচয় রিকশাচালকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালককে আটক করা হয়েছে এবং ভ্যানটি জব্দ করে থানায় হেফাজতে নেওয়া হয়েছে।
