স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশ পুলিশের ডিজিটালাইজেশন এবং সাইবার সিকিউরিটি সক্ষমতা আগের চেয়ে বেড়েছে। এ ধরনের সম্মেলন এবং প্রশিক্ষণে পুলিশ সদস্যদের আরও দক্ষ হয়ে ওঠার সুযোগ সৃষ্টি হয়। বিভিন্ন দেশের পুলিশিং ব্যবস্থা কেমন, এ ব্যাপারে ধারণা মিলবে এই সম্মেলনে।
গতকাল সোমবার ঢাকায় শুরু হওয়া ‘দি ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব পুলিশ অ্যাকাডেমিসের (আইএনটিইআরপিএ) ১১তম বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি। সম্মেলনে বাংলাদেশসহ ৪৪টি দেশের ১২৭ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন।
সম্মেলনের প্রথম দিনের অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সাইবার অপরাধ দমনে সদস্য দেশের মধ্যে অভিজ্ঞতা ও উত্তম চর্চা বিনিময়ের সুযোগ ঘটাবে এই সম্মেলন। বাংলাদেশ পুলিশ তাদের পেশাদারিত্ব নিয়ে দেশ ও জনগণের কল্যাণে কাজ করছে। তাদের দক্ষতা ও সক্ষমতা বাড়াতে এ ধরনের সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশে^র বিভিন্ন দেশের পুলিশের কাজ সম্পর্কে তারা ধারণা পাবে। বর্তমান প্রেক্ষাপটে পুলিশের ডিজিটালাইজেশন এবং সাইবার সিকিউরিটি সক্ষমতা আগের চেয়ে বেড়েছে। এ ধরনের সম্মেলন এবং প্রশিক্ষণে পুলিশ সদস্যদের আরও দক্ষ হয়ে ওঠার সুযোগ সৃষ্টি হয়।’
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেন, ‘আমরা যদি সাইবার জগতের সম্ভাব্য হুমকি ও ঝুঁকি সঠিকভাবে মূল্যায়ন না করি, তাহলে পুলিশের সক্ষমতা ও উদ্যোগগুলো বিফলে যাবে। তাই বিশে^র বিভিন্ন দেশের আইন প্রয়োগকারী সংস্থাগুলো এখন সাইবার জগতের দিকে মনোনিবেশ করছে। জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বাড়ছে। এরই ধারাবাহিকতায় ‘ডিজিটাল বাংলাদেশ’ বাস্তবায়নে প্রযুক্তিগত সেবা বাড়ানো হয়েছে। পুলিশ জাতীয় জরুরি সেবা ৯৯৯, অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স, পাসপোর্ট ভেরিফিকেশন, অনলাইন ইমিগ্রেশন, ক্রাইম ডেটা ম্যানেজমেন্ট সিস্টেম ও ই-ট্রাফিক সিকিউরিটি সিস্টেম ইত্যাদির মাধ্যমে জনগণকে সেবা দিয়ে যাচ্ছে। আগামী দিনে সাইবার হুমকি ও চ্যালেঞ্জ মোকাবিলায় জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার মধ্যে সহযোগিতা জোরদার করার সময় এসেছে।’
বিভিন্ন দেশের পুলিশের সক্ষমতা বাড়াতে অভিজ্ঞতা বিনিময় এবং উত্তম চর্চা অনুশীলন এখন সময়ের দাবি বলে উল্লেখ করেন আইজিপি।
সম্মেলনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন বিশেষ অতিথি ছিলেন। স্বাগত বক্তব্য দেন পুলিশ স্টাফ কলেজের রেক্টর (অতিরিক্ত আইজি) খন্দকার গোলাম ফারুক। এ ছাড়া আলোচনায় অংশ নেন ইন্টারপা ও টার্কিশ ন্যাশনাল পুলিশ অ্যাকাডেমির প্রেসিডেন্ট প্রফেসর ইলমাজ কোলাকসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা।
