দ্বিতীয় দফায় ত্রিপুরায় গেল ২ হাজার কেজি ইলিশ

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২২, ০২:৩৩ এএম

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের ইলিশের দ্বিতীয় চালান ভারতের ত্রিপুরায় গেছে। গতকাল সোমবার বিকেলে মৌলভীবাজারের চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে দুই হাজার কেজি ইলিশ ত্রিপুরার ঊনকোটি জেলার কৈলাশহরে পাঠানো হয়। এ রুটে এটি ছিল চলতি মৌসুমে ইলিশের দ্বিতীয় চালান। এর আগে গত ৩ সেপ্টেম্বর প্রথম চালানে ত্রিপুরায় ২ হাজার ৭৫০ কেজি ইলিশ পাঠানো হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশি আমদানি-রপ্তানিকারক প্রতিষ্ঠান জারা এন্টারপ্রাইজের মাধ্যমে ত্রিপুরার কৈলাশহরের ব্যবসায়ী আব্দুল মুহিত প্রতি কেজি ৮ ডলার মূল্যে ইলিশ আমদানি করেন।

জারা ইন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জসিম উদ্দীন জানান, ত্রিপুরায় ব্যবসায়ীদের ইলিশের চাহিদা পেয়ে চট্টগ্রাম থেকে ২ হাজার কেজি ইলিশ কিনে শুল্ক বিভাগের আনুষ্ঠানিকতা শেষে সোমবার বিকেলে চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে কৈলাশহরে পাঠানো হয়েছে। দুর্গাপূজার আগে ত্রিপুরায় আরও ইলিশ রপ্তানির সম্ভাবনা রয়েছে।

স্থল শুল্ক স্টেশন কর্র্তৃপক্ষ জানায়, মোট ৪৯টি প্রতিষ্ঠানকে ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত শর্তসাপেক্ষে রপ্তানির এ আদেশ কার্যকর থাকবে। আগামী ১ অক্টোবর থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত