১৫ হাজার টন মসুর ডাল কিনবে টিসিবি

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ১২:০০ এএম

ভর্তুকি দামে ফ্যামিলি কার্ডধারীদের কাছে বিক্রির জন্য ১৫ হাজার টন মসুর ডাল কিনবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। ১১০ দরে প্রতিকেজির হিসাবে এসব ডাল কিনতে সরকারের মোট ব্যয় হবে ১৬৫ কোটি টাকা।

সূত্র জানায়, চট্টগ্রামভিত্তিক রুবি ফুড প্রডাক্টস ৫ হাজার টন, মেসার্স মাসুদ অ্যান্ড ব্রাদার্স ৫ টন ও ঢাকার ব্লু স্কাই এন্টারপ্রাইজ পৃথকভাবে ৫ হাজার টন মসুর ডাল সরবরাহ করবে। তিনটি সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছ থেকে এসব ডাল কিনতে ব্যয় হবে ১৬৫ কোটি টাকা। দরপত্রে প্রতিষ্ঠানগুলো প্রতি কেজি মসুর ডালের দাম ১১১ দশমিক ৫০ টাকা উল্লেখ করে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আলোচনার মাধ্যমে প্রতি কেজি মসুর ডালের দাম ১১০ টাকা নির্ধারণ করেছে।   বাণিজ্য মন্ত্রণালয়ের এ সংক্রান্ত একটি ক্রয় প্রস্তাব অনুমোদনের জন্য অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠেয় সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির পরবর্তী বৈঠকে উপস্থাপন করা হবে বলে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, ফ্যামিলি কার্ডধারী নিম্নআয়ের এক কোটি পরিবারের মধ্যে প্রতি মাসে ভর্তুকি মূল্য টিসিবির পণ্য বিক্রি করছে টিসিবি। এ জন্য উন্মুক্ত দরপত্র আহ্বানের মাধ্যমে পণ্য কেনা হয়ে থাকে। অনেক সময় উন্মুক্ত দরপত্রের মাধ্যমে কেনার ক্ষেত্রে নির্ধারিত সময়ের আগে পণ্য সরবরাহ পাওয়া যায় না। প্রতি মাসে পণ্য বিক্রির নিশ্চয়তার লক্ষ্যে সময় স্বল্পতা এবং জরুরি প্রয়োজন বিবেচনায় উন্মুক্ত দরপত্রের পরিবর্তে সরাসরি ক্রয় পদ্ধতিতে টিসিবি কর্তৃক স্থানীয়ভাবে পৃথক তিনটি সরবরাহকারী প্রতিষ্ঠানের কাছ থেকে এই ডাল সংগ্রহ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত