ঢাকা শিক্ষা বোর্ডের তদন্ত

ফেলের কথা বাবাকে জানাতে ভয়ে ছিল পারপিতা

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ০১:৩৬ এএম

রাজধানীর হলি ক্রস স্কুলের নবম শ্রেণির ছাত্রী পারপিতা ফাইহার পরীক্ষায় ফেল করে হতাশায় ভুগছিল। ফেলের বিষয়টি বাবার কাছে জানানো নিয়ে ভয়ে ছিল সে। এ ছাড়া তার মধ্যে আত্মহত্যার প্রবণতাও ছিল। পারপিতার মৃত্যুর ঘটনায় ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। গতকাল মঙ্গলবার এ প্রতিবেদন জমা দেওয়া হয়।

ঢাকা বোর্ডের উপ-কলেজ পরিদর্শক মুহাম্মদ রবিউল আলমের নেতৃত্বাধীন দুই সদস্যের তদন্ত কমিটি প্রতিবেদনটি তৈরি করেছে। এতে হলি ক্রস স্কুলে স্থায়ীভাবে মনোবিজ্ঞানী নিয়োগসহ ছয়টি সুপারিশ করা হয়েছে।

তদন্ত প্রতিবেদনে বলা হয়, কভিড-১৯-উত্তর শিখনঘাটতি ও উচ্চতর গণিত বিষয়টি শিক্ষার্থীদের কাছে নবম শ্রেণিতে নতুন ও অপেক্ষাকৃত জটিল হওয়ায় এ বিষয়ে অকৃতকার্যের হার লক্ষণীয় পর্যায়ে। এ ছাড়া কভিড-১৯-পরবর্তী সময়ে শিক্ষার্থীদের ঘাটতি পূরণে হলি ক্রস উচ্চ বিদ্যালয় কর্র্তৃপক্ষ বিশেষ ক্লাসের ব্যবস্থা নেয়নি।

তদন্ত কমিটি পারপিতার ডায়েরির তিনটি পাতার লেখা দেখে তার মধ্যে একধরনের বিচ্ছিন্নতাবোধ এবং হতাশার (ডিপ্রেশন) চিত্র লক্ষ করেছে। এজন্য ডায়েরির ওই তিনটি পাতার অধিকতর এবং যুক্তিসিদ্ধ মনস্তাত্ত্বিক ব্যাখ্যা উদঘাটনে একজন মনোবিজ্ঞানীর পরামর্শ গ্রহণ করার জন্য মতামত দিয়েছে তদন্ত কমিটি।

তদন্ত প্রতিবেদনে আরও বলা হয়, শিক্ষার্থীদের ভীতি দূর করতে সেমিনারের আয়োজন এবং বাড়ির কাজ ও পরীক্ষায় সন্তানকে মনস্তাত্ত্বিকভাবে সহায়তার বিষয়ে অভিভাবকদের করণীয় বিষয়ে আলোচনা সভার আয়োজন করা দরকার। গত ২৩ আগস্ট রাজধানীর তেজগাঁওয়ের একটি বহুতল ভবন থেকে পড়ে মৃত্যু হয় পারপিতার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত