এআইইউবিতে হ্যাকাথনের তৃতীয় আসর শুরু

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ০১:৩৭ এএম

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে (এআইইউবি) সিটিও ফোরাম ইনোভেশন হ্যাকাথনের তৃতীয় আসর শুরু হয়েছে। গত সোমবার হ্যাকাথনের উদ্বোধন করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য ইন্ডাস্ট্রির চাহিদা অনুযায়ী পাঠ্যক্রমে সফটস্কিল অন্তর্ভুক্ত করা হচ্ছে। এক্ষেত্রে হ্যাকাথন অন্যতম অনুষঙ্গ। এ কারণেই আমি বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনকে হ্যাকাথনের অংশীদার হতে আহ্বান জানাই।

স্বাগত বক্তব্য দেন এআইইউবি উপাচার্য ড. কারমেন জেড লামাগনা। তিনি তার বক্তব্যে আগামীতে ইনোভেশন হ্যাকাথনের অংশীদার হওয়ার আগ্রহ প্রকাশ করে প্রতিবছর শিক্ষার্থীদের মেধা বিকাশে এই ধরনের আয়োজনের আহ্বান জানান। আরও বক্তব্য রাখেন সিটিও ফোরাম সভাপতি তপন কান্তি সরকার, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য অধ্যাপক মো. সাজ্জাদ হোসেন, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. জহিরুল হক, ফেয়ার গ্রুপের সিইও মোতাসিম দেওয়ান, বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক ড. বিকর্ণ কুমার ঘোষ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এআইইউবি ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য নাদিয়া আনোয়ার। এ ছাড়াও বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক-শিক্ষিকা, বিপুলসংখ্যক ছাত্র-ছাত্রী এবং সিটিও ফোরাম ইনোভেশন হ্যাকাথনবিষয়ক সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত