ইচ্ছামতো চাল ছাঁটাই নয়, আইন হচ্ছে : খাদ্যমন্ত্রী

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ০২:১৬ এএম

চালের বস্তায় ধানের জাত লেখা বাধ্যতামূলক এবং চালের কতটুকু ছাঁটাই করা যাবে তা নির্ধারণ করে আইন হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

গতকাল মঙ্গলবার সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে এক সংলাপে মন্ত্রী এসব কথা বলেন। বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) এ সংলাপের আয়োজন করে।

মন্ত্রী বলেন, ‘মিনিকেট বলে কিছু নেই। মিনিকেটের উৎপত্তি জানলে ব্যবসায়ীরা এ নাম দিতেন না। একসময় ভারত থেকে চিকন চালের বীজ আনা হতো মিনি (ছোট) প্যাকেটে করে। এই হলো মিনিপ্যাক। এই বীজ থেকে আমরা নাম দিয়েছি মিনিকেট চাল।’ ভোক্তা অধিকার এই মিনিকেট নাম উচ্ছেদ করতে অভিযান চালাতে পারে বলে জানান তিনি।

অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী বলেন, ‘আমরা একটি আইন মন্ত্রিসভায় দিয়েছি। এখন আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ে আছে। সেখানে বলা আছে ব্র্যান্ড নাম ব্যবসায়ীরা যেটাই দিক, কিন্তু ধানের জাতের নাম দিতে হবে। চালের যেটুকু ছাঁটাই করা যাবে তারও একটা রেশিও (অনুপাত) আমরা ঠিক করেছি। বেশি পালিশের (ছাঁটাই) ফলে চালের একটা অংশ নষ্ট হয়। এ ক্ষয় মোট উৎপাদনের একটি অংশ। এ কারণে এটাও আমরা নির্ধারণ করেছি। আইন পাস হলে অনেকেই সোজা হয়ে যাবে।’

চালের দাম ফের বাড়ছে সরকারের পদক্ষেপ কী জানতে চাইলে সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘কয়েক দিন আগে মিল মালিকদের এক সম্মেলনে আমি সতর্ক করেছি। তারা এখনো বলেন যে মিলগেটে দাম বাড়াননি। তাদের বলা হয়েছে, তারা যেন মিলগেটের দাম উল্লেখ করার জন্য ওয়েবসাইট খোলেন। প্রতিদিন ওয়েবসাইটে কোন চালের দাম কত সেটা যেন তারা উল্লেখ করেন। আমাদের দেশের প্রকৃতি যেমন অস্থির, ব্যবসায়ীরাও অস্থির। দেশে চালের পর্যাপ্ত মজুদ আছে। ভারতে ২০ শতাংশ রাজস্ব আরোপ করছে আতপ চালে। এটা দেখে দাম বাড়ানো শুরু করেছে।’

বাণিজ্য মন্ত্রণালয় চালসহ ৯ পণ্যের মূল্য নির্ধারণ করার যে উদ্যোগ নিয়েছে সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে খাদ্যমন্ত্রী বলেন, ‘আমি জানি না বাণিজ্যমন্ত্রী কীভাবে বলেছেন। আমার সঙ্গে এটা শেয়ার হয়নি। উনি (বাণিজ্যমন্ত্রী) যেটা বলেছেন, আমদানি করা পণ্যে দাম নির্ধারণ করে দেওয়া সম্ভব। কিন্তু যেটা আমাদের দেশে উৎপাদিত হয়, যার সঙ্গে কৃষক জড়িত, উৎপাদন-পরিবহন ব্যয়, তেলের মূল্য, কৃষককে যেমন দামটা পেতে হবে তেমনি আবার ভোক্তাদের জন্য সহনীয় হতে হবে।’

বিএসআরএফ সংলাপে সভাপতিত্ব করেন বিএসআরএফ সভাপতি তপন বিশ্বাস। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মাসউদুল হক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত