উদযাপন পর্বটা তুলে রাখছেন স্বপ্না

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ১২:৫৬ এএম

ভারতবধের পর মাঠে বাংলাদেশের মেয়েদের উদযাপনটা ছিল দেখার মতো। ইতিহাস গড়া জয়ে মাঠেই আনন্দ-উল্লাসে মেতেছিলেন গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। তবে উদযাপনটা মাঠেই শেষ করে ফিরেছেন মঙ্গলবার রাতে। উদযাপন পর্বটা আরও বড় সাফল্যের জন্য তুলে রাখতে চান তারা। ভারতের বিপক্ষে জোড়া গোল করা সিরাত জাহান স্বপ্না তেমনটাই বলেছেন গতকাল। এমন ম্যাচের পর চাইলেই বিশ্রামে থাকতে পারতেন ফুটবলাররা। তবে তারা ঠিকই কাল হাজির হয়েছেন সকালের রিকভারি সেশনে। সেখানেই স্বপ্না বলেছেন সামনের বড় স্বপ্নপূরণের কথা।

ভারত হেরে বাংলাদেশকে দিয়েছে শিরোপা জয়ের স্বপ্ন দেখার সাহস। তবে স্বপ্নারা এখনই বড় মঞ্চের কথা ভাবনায় ঠাঁই দিচ্ছেন না। আগে তারা পেরুতে চান সেমিফাইনাল বাধা। যেখানে তাদের পথ আগলে দাঁড়াতে প্রস্তুত হচ্ছে ভুটান। এখন পর্যন্ত বাংলাদেশ যে ফুটবলটা খেলেছে, তাতে ভুটান বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারবে না বলেই বিশ্বাস। তারপরও সতর্ক স্বপ্না জানালেন উদযাপন পর্বটা মাঠেই শেষ করে আসার কথা, ‘এখন আমাদের প্রথম লক্ষ্য সেমিফাইনালে জেতা। বারবারই আমরা বলে আসছি ফাইনালে খেলব। সেই লক্ষ্য নিয়েই এগুচ্ছি। ভুটান ভালো দল। তাদের খাটো করে দেখার অবকাশ নেই। আমরা আগের ম্যাচগুলোর ধারাবাহিকতা বজায় রেখে ভুটানের সঙ্গে ভালো একটা জয় নিয়ে ফাইনালে যেতে চাই।’ আর এ কারণেই উৎসবটা পরশু রাতে মাত্রাছাড়া হতে দেননি স্বপ্নারা।

বাংলাদেশের রাইটব্যাক শিউলি আজিমও আগামীকালের সেমিফাইনালকে পাখির চোখ করার কথা বলেছেন, ‘আমাদের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য ছিল, সেটা আমরা করতে পেরেছি। সে জন্য যা উল্লাস করার মাঠেই করেছি। আজকে (গতকাল) সকাল থেকে আমাদের আর কোনো উল্লাস নেই। আমাদের পুরোপুরি ফোকাস এখন সেমিফাইনাল। ভুটান ভালো দল। তারাও যোগ্যতা দিয়ে সেমিফাইনালে পৌঁছেছে। তাই তাদের খাটো করে দেখার কোনো সুযোগ নেই।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত