সালাম মুর্শেদীর জমানায় দেশের পেশাদার লিগ পায়নি কোনো শক্ত ভিত্তি। একেক বার একেক রকম নিয়মে তিনি চালিয়েছেন। ফলে সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের ফুটবল। সেটা বুঝতে পেরেই সালাম মুর্শেদীর ছেড়ে দেওয়া দায়িত্ব নিজ কাঁধে তুলে নিয়েছেন স্বয়ং বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। গতকাল বাফুফের নির্বাহী কমিটির সভায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নিয়েই ঘরোয়া ফুটবল পরিচালনায় দ্বিস্তরবিশিষ্ট কমিটির ইঙ্গিত দিয়েছেন বাফুফে প্রধান।
‘একটা পাঁচ সদস্যের পরিকল্পনা কমিটি করা হবে। আমিসহ এই কমিটিতে থাকবেন বাফুফের চার সহ-সভাপতি। এই কমিটির পরিকল্পনা বাস্তবায়নের জন্য পৃথক একটা কমিটি হবে ক্লাব প্রতিনিধিদের নিয়ে। ১৩ ক্লাব প্রতিনিধিদের সঙ্গে পরিকল্পনা কমিটির তিনজন থাকবেন। আগামী ২-৩ দিনের মধ্যে পেশাদার লিগের পুরো চিত্রটা তুলে ধরা হবে। সারা বছরের ক্যালেন্ডারের সঙ্গে সামঞ্জস্য রেখে হবে লিগের সূচি’ সভাশেষে জানিয়েছেন সালাউদ্দিন। সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী জানান, আগামী মৌসুমে বিদেশি ফুটবলারের সংখ্যা চারের জায়গায় পাঁচজন করা হবে। তবে এক ম্যাচে খেলানো যাবে আগের মতোই চারজন।
