আগামীকাল বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে নিশাত নাওয়ার সালওয়ার। চিত্রনায়ক ইমনের বিপরীতে তার অভিনীত সিনেমা ‘বীরত্ব’ মুক্তি পাচ্ছে। সমসাময়িক বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন রণ
বড় পর্দার অনুভূতি...
আমার অনুভূতি অসাধারণ। আমরা যারা নতুন কাজ করছি, তাদের প্রতি দর্শকের একটা প্রত্যাশা থাকে। আশা করি, দর্শকের সেই চাওয়া পূরণ করতে পারব। ১৬ সেপ্টেম্বর আমার ফিল্ম মুক্তি পাচ্ছে। খুব ভালো লাগছে। অন্য রকম অনুভূতি। ভয়ও লাগছে, কারণ প্রথমবার প্রত্যাশা অনেক বেশি, কেমন করলাম। সিনেমা মুক্তির পর বাকিটা বুঝতে পারব।
ক্যারিয়ার ভাবনা...
২০১৮ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের পর কখনো পরিকল্পনা ছিল না আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসব। মূলত ভালো লাগা থেকে কাজ করা। চারটা সিনেমায় কাজ করেছি, নতুন কোনো কাজে হাত দিইনি। কারণ আমি চাচ্ছিলাম, আমার পারফরম্যান্স কেমন হলো, এটা দেখি। নিজের কাজগুলো ভালো হচ্ছে কি না, এটা দেখার একটা তাগিদ থাকে। সিনেমা মুক্তি না পেলে তো আসলে বোঝা যায় না দর্শক আমাকে কীভাবে নিচ্ছে আর আমি কেমন কাজ করছি। অপেক্ষা করছিলাম আমার এক-দুইটা সিনেমা মুক্তির জন্য। তারপরই সিদ্ধান্ত নেব কী করব। যদিও আমার মনে হয় পরিকল্পনামতো আমাদের জীবনে সবকিছু হয় না। অনেক সময় আমরা পরিস্থিতির কারণে কিছু সিদ্ধান্ত বদল করি কিংবা নতুন সিদ্ধান্ত গ্রহণ করি।
মুক্তির অপেক্ষায়...
আমার আরও তিনটি সিনেমা মুক্তির অপেক্ষায়। মোস্তাফিজুর রহমান মানিকের স্বপ্নে দেখা রাজকন্যা। কবরী সারোয়ার পরিচালিত এই তুমি সেই তুমি এবং শামিম আহমেদ রনির বুবুজান। এর বাইরে অন্য কোনো কাজ আমি এখনো শুরু করিনি। আমি অপেক্ষা করছিলাম অন্তত একটা সিনেমা মুক্তির। তার পরই নতুন কোনো কাজের সঙ্গে যুক্ত হব।
চ্যালেঞ্জিং চরিত্র...
মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলোর মধ্যে কোনো চরিত্র খুব বেশি চ্যালেঞ্জিং ছিল না। কারণ যে চরিত্রগুলো আমি এখন পর্যন্ত করেছি, তার সবই আমার সঙ্গে মিলে যায়। তবে আমি অবশ্যই চাই চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করতে। চারটি সিনেমাতেই আমাকে গ্ল্যামারাসভাবে দেখানো হয়েছে। তবে আমার খুব ইচ্ছে গ্রামের মেয়ে কিংবা কঠিন চরিত্রে কাজ করার। সত্যি ঘটনা কিংবা কোনো ব্যক্তির জীবনের ওপর আমার কাজ করার ইচ্ছা আছে। মহীয়সী নারীদের চরিত্রে অভিনয় করার স্বপ্ন আমার।
ওটিটি নিয়ে ভাবনা...
এখন আমাদের দেশে ওটিটিতে অনেক ভালো কাজ হচ্ছে। আমি অবশ্যই এখানে কাজ করব, তবে শুরু থেকেই চাচ্ছিলাম বড় পর্দায় আগে আমার অভিষেক হোক। অন্য দেশেও আমরা দেখতে পাচ্ছি অনেক বড় তারকারাই ওটিটিতে কাজ করছেন এবং সেগুলো দর্শকের কাছে জনপ্রিয়। আমার পরিকল্পনাও এমনই, আগে অভিষেক হোক, এরপর অন্য মাধ্যমেও কাজ করব।
শ্যুটিং অভিজ্ঞতা...
আমরা রাজবাড়ীতে বীরত্বের শ্যুটিং করেছিলাম। অনেক পুরনো একটা সুতার মিলে আমাদের একটা দৃশ্য ধারণ করা হচ্ছিল। ওটা অনেক বছর আগের পুরনো মিল, যেটা সিলগালা করে বন্ধ করা ছিল। অনুমতি নিয়ে আমরা মিলটা খুলে ওর ভেতরে শ্যুটিং করেছিলাম। ওই সময়ে অনেক কিছু ফিল করেছিলাম। আমরা সাপও দেখেছি। শ্যুটিংয়ের সময় আমার প্রডাকশনের একজন সাপটি না মেরে ওখান থেকে সরিয়ে দিয়েছিল। ওখানকার স্থানীয়রা বলছিল এটা সাপ না জিন হতে পারে।
যা-ই হোক, একটা গা ছমছমে পরিবেশে আমরা শ্যুটিং শেষ করেছিলাম। দর্শক পর্দায় তা দেখতে পাবেন।
