পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও র্যাব (র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন) মহাপরিচালক (ডিজি) পদে আসছে নতুন মুখ। নতুন আইজিপি হচ্ছেন র্যাবের ডিজি ও অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। র্যাব মহাপরিচালক হিসেবে আলোচনায় এসেছে পুলিশ সদর দপ্তরে কর্মরত এম খুরশীদ হোসেনের নাম। তা ছাড়া হাইওয়ে পুলিশের প্রধান ড. মল্লিক ফকরুল ইসলাম আলোচনা আছেন। তবে খুরশীদ হোসেন এগিয়ে আছেন বলে জানা গেছে। দুই-এক দিনের মধ্য নয়া আইজিপি ও র্যাব ডিজি নিয়োগে প্রজ্ঞাপন জারি করার কথা রয়েছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফাইলে স্বাক্ষর করেছেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরের একাধিক সূত্র দেশ রূপান্তরকে নিশ্চিত করেছে।
চলতি মাসের ৩০ সেপ্টেম্বর বর্তমান আইজিপি ড. বেনজীর আহমেদের চাকরির মেয়াদ শেষ হচ্ছে। কিছুদিন ধরেই জল্পনা চলছে কে হচ্ছেন নতুন পুলিশপ্রধান। এ বিষয়ে একাধিক সূত্র জানিয়েছে, র্যাবের বর্তমান মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন হতে যাচ্ছেন পরবর্তী আইজিপি।
র্যাবের বর্তমান ডিজি মামুন চাকরিজীবনে নানা গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। সিআইডির প্রধানও ছিলেন তিনি। বিসিএস অষ্টম ব্যাচের এ কর্মকর্তার গ্রামের বাড়ি সুনামগঞ্জ। আগামী ১১ জানুয়ারি অবসরে যাওয়ার কথা রয়েছে তার।
এদিকে র্যাবপ্রধানের পদে তার স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন। তার ব্যাপারে সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। এ ছাড়া বর্তমান ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের এক বছরের চুক্তিভিক্তিক নিয়োগের সময়সীমা শেষ হচ্ছে অক্টোবরে। ডিএমপির এ পদেও আসছে নতুন মুখ।
গত বছর ১০ ডিসেম্বর র্যাব এবং বাহিনীর সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। তাদের মধ্যে বেনজীর আহমেদ ও চৌধুরী আবদুল্লাহ আল মামুন রয়েছেন। তবে এ নিষেধাজ্ঞার যৌক্তিকতা নিয়ে সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময়ে প্রশ্ন তোলা হয়েছে।
