সব টিকেট বিক্রি হয়ে গেছে পরশুই। অনেকেই টিকেট না পেয়ে আফসোস করছেন। এত বড় একটা ইভেন্ট নিয়ে শহরময় আলোচনা। অনেক দিন পর মঞ্চে দেখা যাবে অর্থহীনকে, দেখা যাবে বেজবাবাকে। সুতরাং আলোচনা তো হবেই।
'তবে ভাবনার কিছু নেই', বললেন সিক্সবেজ কমিউনিকেশনের অন্যতম পরিচালক প্রীতম দে। 'যারা টিকেট পাননি, তারা মন খারাপ করবেন না। পুরো শোটি আমরা লাইভ স্ট্রিমিং করব 'বায়োস্কোপ'-এ। হয়তো সরাসরি দেখার আনন্দ পাবেন না, তবে পুরো শোটিই আপনারা দেখতে পাবেন ব্য়োস্কোপে।'
আগামী ১৬ সেপ্টেম্বর, শুক্রবার আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরার ৪ নম্বর হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে 'হেডব্যাঙ্গার্স প্যারাডাইস' কনসার্টের দ্বিতীয় পর্ব। সিক্সবেস কমিউনিকেশন্স আয়োজিত এই কনসার্টে অংশ নেবে নগরবাউল, অর্থহীন, আর্টসেল, পাওয়ারসার্জ, মেকানিক্স, ট্রেনরেক, সাভাগরি, প্লাসমিক নক এবং এঙ্কর।
আর মাত্র ২৪ ঘণ্টা বাকি। এর মধ্যেই ভেন্যুর কাজ শুরু হয়ে গেছে। আশা করা হচ্ছে. আগামীকাল সকালের মধ্যেই স্টেজ ও অন্যান্য কাজ পুরোপুরি শেষ হয়ে যাবে।
মিডিয়াকর্মীদের জন্য রাখা হয়েছে আলাদা বুথ, সেখান থেকে মিডিয়াকর্মীদের তাদের নিজ নিজ প্রতিষ্ঠানের আইডি কার্ড প্রদর্শন করে এন্ট্রি পাস নেওয়ার জন্য অনুরোধ করেছেন আয়োজক প্রতিষ্ঠানটি।
