কাভার্ড ভ্যানচাপায় সহোদরসহ নিহত ৪

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২২, ০১:৫৯ এএম

চট্টগ্রামের মিরসরাইয়ে কাভার্ডভ্যান-চাপায় দুই সহোদরসহ চারজন নিহত হয়েছেন। এতে দুই পুলিশ সদস্যসহ আহত হয়েছেন আরও ছয়জন। গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এছাড়া একই দিন রাত থেকে গতকাল বৃহস্পতিবার দুপর পর্যন্ত সময়ে দেশের বিভিন্ন জায়গায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে আরও চারজনের। এরমধ্যে কুমিল্লা সদর দক্ষিণে বাসচাপায় অটোরিকশার দুই যাত্রী এবং জেলার মুরাদনগরে অ্যাম্বুলেন্স-চাপায় একজন নিহত হয়েছেন। আর খুলনার খালিশপুরে ইজিবাইকের ধাক্কায় প্রাণ গেছে তিন বছর বয়সী এক শিশুর।

মিরসরাইয়ের দুর্ঘটনায় নিহতরা হলেন একই উপজেলার দুর্গাপুর ইউনিয়নের রায়পুর গ্রামের মো. হারুনের ছেলে মেহেদী হাসান (২২), সদর ইউনিয়নের গড়িয়াইশ গ্রামের শামসুদ্দীনের ছেলে সুমন (২৮) ও শেখ ফরিদ (৩০) এবং পূর্ব রায়পুর এলাকার আবুল কাশেম।

আহতরা হলেন জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের এএসআই মো. মোস্তফা (৪৫), কনস্টেবল জাকির হোসেন (৪০), একই এলাকার বাসিন্দা আব্দুল আউয়াল (৫০), সিএনজিচালিত অটোরিকশার চালক রফিক (২৫) ও আব্দুল্লাহ আল নোমান (২৬) এবং শেখ আহম্মদ (৪৫)। তাদের মধ্যে এএসআই মোস্তফার অবস্থা আশঙ্কাজনক। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ দুর্ঘটনাকবিলত তিনটি গাড়ি জব্দ করলেও আটক করতে পারেনি এগুলোর চালক ও তাদের সহকারীদের (হেলপার)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাত ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের সোনাপাহাড় ফিলিং স্টেশন থেকে বের হওয়ার পর একটি লরিকে চট্টগ্রামগামী জোনাকি পরিবহনের একটি বাস ধাক্কা দেয়। এ খবর পেয়ে হাইওয়ে পুলিশের দায়িত্বরত সদস্যরা সেখানে গিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটির চালকের সঙ্গে কথা বলছিলেন। সেখানে জড়ো হয় এলাকার লোকজন ও সিএনজিচালিত অটোরিকশার স্থানীয় চালকরা। এমন সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি কাভার্ডভ্যান দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানটিকে ধাক্কা দিলে সামনে থাকা সবাই হতাহত হয়।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি মোহাম্মদ আলমগীর দেশ রূপান্তরকে বলেন, ‘দুর্ঘটনাকবলিত গাড়িগুলো জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে এগুলোর চালক ও হেলপারদের কাউকে আটক করা সম্ভব হয়নি।’

কুমিল্লায় সড়কে নিহত ৩ : কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় বাসচাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। গতকাল সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও দুজন।

নিহতরা হলেন সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর এলাকার কিসমত মেম্বার বাড়ির জয়নাল আবেদীন (৪০) এবং পাশের হোসেনপুর গ্রামের ইমরান হোসেন (৩০)।

ময়নামতি হাইওয়ে থানার ওসি আকুল চন্দ্র বিশ্বাস জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ইকোনো পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি পদুয়ার বাজার ফ্লাইওভারের কাছে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন। আহত হন আরও দুজন। মহাসড়কে অটোরিকশা চলাচল নিষিদ্ধ হলেও অটোরিকশাটি উল্টো পথে আসছিল। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অন্যদিকে কুমিল্লার মুরাদনগরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি অ্যাম্বুলেন্স রাস্তার পাশের দোকানের ভেতরে ঢুকে পড়ে। এতে তরব আলী (৬১) নামে কর্তব্যরত এক নৈশপ্রহরী নিহত হন। এছাড়া আহত হন কামাল হোসেন (৩০) নামে আরও একজন। তাকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। গতকাল ভোরে জাহাপুর ইউনিয়নের বাখরাবাদ বাজারে এ ঘটনা ঘটে।

নিহত তরব আলী (৬১) উপজেলার গাংগাটিয়া গ্রামের বাসিন্দা। আহত কামাল হোসেনের বাড়িও একই এলাকায়।

মুরাদনগর থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, ‘তরব আলী ও কামাল রাতে বাজারে নৈশপ্রহরীর দায়িত্বে ছিলেন। তারা একটি দোকানের সামনে বসে ছিলেন। এ সময় বেপরোয়া গতিতে একটি অ্যাম্বুলেন্স তাদের ধাক্কা দিয়ে দোকানের ভেতরে ঢুকে যায়।’

খুলনায় ইজিবাইকের ধাক্কায় শিশু নিহত : খুলনা নগরীর খালিশপুরে ইজিবাইকের ধাক্কায় মারিয়া নামে তিন বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। গতকাল দুপুরে নগরীর বাস্তুহারা এলাকার ৭ নম্বর রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত মারিয়া ওই এলাকার মামুন মুন্সীর মেয়ে।

মা লামিয়া বেগম জানান, বাসার সামনের একটি মুদি দোকান থেকে আইসক্রিম কিনে রাস্তা পার হচ্ছিল মারিয়া। এ সময় দ্রুতগতির একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। ধাক্কা লেগে রাস্থায় পড়ে গেলে ইজিবাইকের চাকা মারিয়ার বুক ও গলার ওপর দিয়ে চলে যায়।

খালিশপুর থানার এসআই সাজ্জাদুল আমিন জানান, দুর্ঘটনার পর শিশুটিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ইজিবাইকসহ চালককে আটক করা হয়েছে।

প্রতিবেদনটি তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিরা

×
সর্বশেষ সর্বাধিক পঠিত