জয়ার জন্য গাওয়া সুমির গান প্রশংসিত

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ০১:৩৭ এএম

দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসানের জন্য অনেক আগে একটি গান করেছিল জনপ্রিয় ব্যান্ড চিরকুট। মাহমুদ দিদার পরিচালিত ‘বিউটি সার্কাস’ চলচ্চিত্রের এই গানের নাম ‘বয়ে যাও নক্ষত্র’। গানটির কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন শারমিন সুলতানা সুমি। সংগীতায়োজন করেছেন পাভেল আরিন। ‘বয়ে যাও নক্ষত্র কপাল কিনারায়, বারবার তার প্রেমে বারবার পড়া যায়, হয়ে যাও হয়ে যাও ভোর, সময়ের সার্কাসে কেটে যাক ঘোর’ এমন কথার গানটি উন্মুক্ত হয়েছে। গানের ভিডিওচিত্রে দেখা গেছে চলচ্চিত্রে জয়া আহসান, ফেরদৌস, এ বি এম সুমনের মন উড়িয়ে নেওয়া সব রোমান্টিক দৃশ্য। এরইমধ্যে গানটি প্রশংসা কুড়িয়েছে। শারমিন সুলতানা সুমি বলেন, ‘গানটি সাড়ে তিন বছর আগে লেখা। নির্মাতা মাহমুদ দিদার হয়তো এমন একটি গানই চেয়েছিলেন আমাদের কাছে। আমরা চিরকুটের আগে বেশ কিছু চলচ্চিত্রের জন্য গান করেছি। প্রতিটি গানেই চেষ্টা করেছি সুবিচার করতে। এই গানটি আমাদের বেশ পছন্দ হয়ে গেছে। আশা করছি শ্রোতারাও গানটি শুনবেন এবং চলচ্চিত্রটি উপভোগ করতে সিনেমা হলে যাবেন।’ সরকারি অনুদানপ্রাপ্ত ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় ‘বিউটি সার্কাস’ মুক্তি পেতে যাচ্ছে আগামী ২৩ সেপ্টেম্বর। চলচ্চিত্রটিতে আরও গান গেয়েছেন এশেজ ব্যান্ডের জুনায়েদ ইভান ও টুনটুন বাউল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত