গ্রাহকের অর্থ আত্মসাৎ

ফারইস্টের সাবেক চেয়ারম্যান নজরুল আবার রিমান্ডে

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ০২:০৯ এএম

গ্রাহকের ৮০০ কোটি টাকা আত্মসাতের মামলায় ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলামের আবার এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল শুক্রবার শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম রশিদুল আলম এ আদেশ দেন। খবর বাসস

দুদিনের রিমান্ড শেষে গতকাল শুক্রবার নজরুল ইসলামকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে জিজ্ঞাসাবাদের জন্য আবার তাকে ১৩ দিনের হেফাজতে (রিমান্ড) চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। এর আগে গত মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম মাহবুব আহম্মেদের আদালতে নজরুল ইসলামকে হাজির করে পুলিশ। এরপর শাহবাগ থানায় করা মামলায় তার বিরুদ্ধে ১৫ দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা। অন্যদিকে জামিনের আবেদন করেন তার আইনজীবীরা। বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

একই দিন মামলার অন্য আসামি কোম্পানিটির সাবেক পরিচালক ও শিল্পপতি এমএ খালেক এবং তার ছেলে রুবায়াত খালেককে আদালতে হাজির করা হয়। এ মামলায় তাদের ১৫ দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে দুদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

গ্রাহকের ৮০০ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে এ তিনজনের বিরুদ্ধে চলতি মাসের শুরুতে শাহবাগ থানায় মামলা করা হয়।

জানা গেছে, ফারইস্টের দুর্নীতি নিয়ে মামলা করেন কোম্পানির সাবেক পরিচালক ও বর্তমানে শেয়ারহোল্ডার মো. ফখরুল ইসলামসহ কয়েকজন। ফখরুল ইসলাম সর্বশেষ ২০০৮ সালে পরিচালক হিসেবে ছিলেন।

মামলার অভিযোগ উল্লেখ করা হয়, দেশের বীমা খাতে বহুল সমালোচিত ঘটনা ফারইস্ট লাইফের লুটপাট। বোর্ড মিটিংয়ের পর নজরুল ইসলাম ও এমএ খালেক এমনভাবে সারসংক্ষেপ তৈরি করতেন, যার সঙ্গে পর্ষদের সিদ্ধান্তের কোনো মিল থাকত না। এ সারসংক্ষেপ দিয়ে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে থাকা কোম্পানির আমানত বন্ধক রেখে ঋণ নেওয়া হয়েছে। এ ঋণ পরিশোধ করতে না পারায় সব দায় এখন শেয়ারহোল্ডারদের নিতে হচ্ছে।

নিকটাত্মীয়দের মাধ্যমে অস্বাভাবিক দামে জমি কেনা, ব্যাংকে রাখা আমানতের বিপরীতে স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ঋণ দেওয়াসহ বিভিন্ন পদ্ধতির মাধ্যমে ২ হাজার ১২৯ কোটি টাকা আত্মসাৎ ও পাচার করেছেন ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির উদ্যোক্তা-পরিচালকরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত