মোংলায় সুজন সম্পাদক

আরেকটি ব্যর্থ নির্বাচনের দিকে যাচ্ছে ইসি

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ০২:২৭ এএম

দলীয় সরকারের অধীনে ইসি আরেকটি ব্যর্থ নির্বাচনের দিকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। তিনি বলেছেন, ‘নির্বাচন কমিশন যে রোডম্যাপ তৈরি করেছে, বর্তমান প্রেক্ষাপটে এটা আরেকটি ব্যর্থ নির্বাচনের রোডম্যাপ। দলীয় সরকারের অধীনে যে গত দুটি নির্বাচন হয়েছে তা ব্যর্থ নির্বাচন হয়েছে।’ 

গতকাল শুক্রবার বিকেল ৩টায় মোংলা প্রেস ক্লাব মিলনায়তনে ‘সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ চাই’ শীর্ষক নাগরিক সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। সুশাসনের জন্য নাগরিক (সুজন) ও সর্বদলীয় সম্প্রীতির উদ্যোগ (পিএফজি) মোংলা শাখার আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সুজন সম্পাদক। 

ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘দেশের ইতিহাসে ১১টি নির্বাচনের মধ্যে ৪টি নির্বাচন হয়েছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। এই নির্বাচনগুলো মোটামুটি গ্রহণযোগ্যতা পেয়েছে। আর দুটি নির্বাচন হয়েছে, সেগুলো একতরফা নির্বাচন। ওগুলো কোনো নির্বাচন না, যেখানে কোনো বিকল্প থাকে না। আর পাঁচটি নির্বাচন হয়েছে দলীয় সরকারের অধীনে। গত দুটি নির্বাচনসহ এসব নির্বাচনে যারা ক্ষমতায় ছিল, তারাই ক্ষমতায় এসেছে। এগুলো ব্যর্থ নির্বাচন।’

তিনি বলেন, ‘নির্বাচনকালীন যদি প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষতা নিশ্চিত করা না যায়, তাহলে আবারও ব্যর্থ নির্বাচনের পুনরাবৃত্তি ঘটবে। ইভিএমের নামে তারা একটি নতুন বিতর্ক সৃষ্টি করছে, শুধু বিতর্কই নয় তারা প্রতারণামূলক বক্তব্য দিচ্ছে। এমতাবস্থায় আরেকটি ব্যর্থ নির্বাচনের দিকে যাচ্ছে নির্বাচন কমিশন।’

নাগরিক সভায় সভাপতিত্ব করেন সুজনের মোংলা শাখা সভাপতি ফ্রান্সিস সুদান হালদার। বিশেষ অতিথির বক্তব্য দেন পিস অ্যাম্বাসেডর বাগেরহাট ডিস্ট্রিক্ট নেটওয়ার্ক পিএডিএনের সমন্বয়কারী শেখ বশিরুল ইসলাম, পিএডিএন বাগেরহাটের উপদেষ্টা ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন, মোংলা উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, পিএডিএন বাগেরহাটের সদস্য খান এ আরিফ, এস কে হাসিব, ইসমাইল হোসেন লিটন, মো. জাকির হোসেন ও দি হাঙ্গার প্রজেক্টের এসপিএল প্রকল্প সমন্বয়কারী কাজী নিশাত।

সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাসহ উপস্থিত ছিলেন সুজনের মোংলা শাখার সাধারণ সম্পাদক মো. নূর আলম শেখ, সুজন নেতা অধ্যক্ষ আবু সাইদ খান, অধ্যক্ষ মাওলানা রুহুল আমীন, পান্না লাল দে প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত