রানীর প্রতি শ্রদ্ধা জানাতে বাধা চীনা প্রতিনিধিদলকে

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ০২:২৯ এএম

লন্ডনের ওয়েস্টমিনস্টার হলে ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের শেষবিদায়ের শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে চীনের একটি সরকারি প্রতিনিধিদলের অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়েছে। হাউজ অব কমন্সের স্পিকার লিন্ডসে হলি রানীর শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে চীনা প্রতিনিধিদলের প্রবেশের অনুরোধ প্রত্যাখ্যান করেছেন বলে গতকাল শুক্রবার জানিয়েছে বিবিসি।

বিবিসি বলছে, ব্রিটিশ কয়েকজন এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা নিয়ে বিরোধের কারণে চীনা প্রতিনিধিদল এ বাধার সম্মুখীন হয়েছে। চীনের শিনজিয়াংয়ে উইঘুর নিপীড়ন নিয়ে কথা বলার কারণে ওই ব্রিটিশ এমপিদের ওপর গত বছর নিষেধাজ্ঞা দিয়েছিল পেইচিং। এর পাল্টা জবাবে যুক্তরাজ্যও তাদের দেশে অবস্থিত চীনা রাষ্ট্রদূতকে পার্লামেন্টে এক বছরের জন্য নিষিদ্ধ করে।

যুক্তরাজ্যে রানীর শেষকৃত্য ওয়েস্টমিনস্টার অ্যাবিতে হবে আগামী সোমবার। তার আগে ওয়েস্টমিনস্টার হলে তার কফিন সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়েছে।

এদিকে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, চীনা প্রতিনিধিদলকে অনুষ্ঠানে অংশ নিতে নিষিদ্ধ করার খবর তিনি দেখেননি। তবে তিনি বলেন, রানীর শেষকৃত্যের স্বাগতিক দেশ হিসেবে যুক্তরাজ্যের উচিত কূটনৈতিক রীতিনীতি এবং শিষ্টাচার মেনে অতিথিদের অভ্যর্থনা জানানো।

তবে চীনা প্রতিনিধিদলকে নিষিদ্ধ করার বিষয়ে শুক্রবার যুক্তরাজ্যের হাউজ অব কমন্সের স্পিকার কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। স্পিকারের কার্যালয় থেকে বিবিসি-কে বলা হয়, তারা নিরাপত্তাসংক্রান্ত বিষয়ে কোনো মন্তব্য করে না।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত