সকল দলের অংশগ্রহণে ভারত সরকার আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ দেখতে চায় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত বিদায়ী ভারতীয় হাইকশিনার বিক্রম দোরাইস্বামী।
শনিবার সকালে সাভার জাতীয় শহীদ স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ। কাজেই কোনো ব্যক্তি নয়, বাংলাদেশের পাশে ভারত। দেশের জন্য কাজ করবে সরকার। সেখানে আমরা কখনোই কোনো ব্যক্তির পাশে নই, কারও পাশে নই।
‘আমরা সব সময় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছি, বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়েছি। ভারত নির্দিষ্ট কোনো ব্যক্তির পাশে নেই, প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারত সব সময় বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে।’
আপনার গণতন্ত্রই আপনার সুষম উন্নয়ন উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের মানুষকে সুখী দেখতে চাই; তাদের উন্নয়ন চাই এবং একটি সফল গণতন্ত্র দেখতে চাই। আমাদের বন্ধুত্বের সম্পর্কের উন্নতি হয়েছে। সেটাকেই চালিয়ে যেতে হবে। আমি সেটাই চাই।’
‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের মধ্য দিয়ে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক এখন আরও শক্তিশালী। ভারত সরকার প্রতিবেশী দেশ বাংলাদেশকে সব ধরনের সব সময় সুযোগ-সুবিধা দিয়ে আসছে। বাংলাদেশের মানুষ অত্যন্ত ভালো মনের মানুষ, তাই আমি এত দিন এই দেশে ভালোভাবে দায়িত্ব পালন করেছি।’
স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন ও স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
এ সময় সাভার গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আল আহসান আতিক, উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান, আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কশিমনার (ভূমি) আনোয়ার হোসেন, সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলামসহ আরও অনেকে।
প্রসঙ্গত, বাংলাদেশে দায়িত্ব শেষে যুক্তরাজ্যে ভারতের দূত হিসেবে কাজ করবেন দোরাইস্বামী। ঢাকায় তার স্থলাভিষিক্ত হচ্ছেন যুক্তরাষ্ট্রে ভারতীয় মিশনের উপপ্রধান সুধাকর দালেলা।
