নোয়াখালীর বেগমগঞ্জ থেকে ঢাকা ফেরার পথে কুমিল্লা মনোহরগঞ্জের বিপুলাসার বাজারে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী বরকত উল্লাহ বুলুর ওপর ছাত্রলীগ-যুবলীগের ক্যাডাররা হামলা চালিয়েছে এমন অভিযোগ পাওয়া গেছে।
আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকায় আনা হচ্ছে। হামলায় আরো আহত হয়েছেন বিপুলাসার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শরীফ হোসেন।
জানা গেছে, সস্ত্রীক বাড়ি থেকে ঢাকা ফেরার পথে কুমিল্লার মনোহরগঞ্জে বিকেল ৫টার দিকে বিপুলাসার বাজারে পৌঁছালে স্থানীয় বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান শরীফ হোসেনের অনুরোধে যাত্রা বিরতি করেন। এ সময় বাজারের মক্কা হোটেলে তারা চা-নাস্তা খেতে বসলে যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের ওপর হামলা চালায়। এতে বরকত উল্লাহ বুলু, তার স্ত্রী ও বিপুলাসার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শরীফ হোসেনও রক্তাক্ত জখম হন।
বরকত উল্লাহ বুলুর ছেলে জানান, ‘নোয়াখালী থেকে ঢাকায় ফেরার পথে হামলায় মা ও বাবা দু’জনই গুরুতর আহত হয়েছেন। জয়বাংলা স্লোগান দিয়ে ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী এ হামলা করেছে। তাদের ওপর লোহার রড ও লাঠিসোটা দিয়ে হামলা করা হয়। এতে আমার বাবার মাথা ফেটে রক্ত ঝরে, সম্ভবত তার ডান হাত ভেঙে গেছে।’
তিনি আরও জানান, সঙ্গে থাকা আরও ৪ জন গুরুতর আহত হয়েছেন। তারা হলেন মোস্তফা রাজু ফারুক ও গাড়ি চালক আলী।
মনোহরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ সুলতান খোকন বলেন, শনিবার বিকেলে নোয়াখালী থেকে সস্ত্রীক ঢাকায় ফিরছিলেন বরকত উল্লাহ বুলু।
