মদের বোতল হাতে হেচকি তুলছেন আর নাচছেন 'অ্যালকোহলিয়া' হৃত্বিক

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ১১:০৯ পিএম

হাতে মদের বোতল, হেঁচকি তুলছেন, আর এলোমেলো নাচছেন হৃত্বিক রোশন। তার সঙ্গীদের হাতেও পানীয়র বোতল। চোখে মুখে নেশার ছাপ স্পষ্ট। শনিবার এভাবেই সামনে এলেন হৃত্বিক, গ্যাংস্টার 'বেদ'। সৌজন্যে 'বিক্রম বেদ'-এর নতুন গান 'অ্যালকোহলিয়া'। এই গানটি গেয়েছেন দুই বাঙালি স্নিগ্ধাজিৎ ভৌমিক এবং অনন্যা চক্রবর্তী। গান লিখেছেন মনোজ মুনতাসির, সুর দিয়েছেন বিশাল ও শেখর।

এ দিন মুম্বাইয়ে একটি জমকালো অনুষ্ঠানের মাধ্যমে 'বিক্রম বেদ'-এর প্রথম গান 'অ্যালকোহলিয়া' মুক্তি পায়। হাজির ছিলেন হৃত্বিক রোশন, রাধিকা আপ্তে, রোহিত সরফ এবং পরিচালক দ্বয় পুষ্কর-গায়েত্রী। অভিনব উপায়ে এই গান মুক্তির অনুষ্ঠান সারা দেশে মোট ১৪টি শহরের মানুষ সরাসরি দেখতে পান। এই শহরগুলোর মধ্যে রয়েছে বারানসি, রাঁচি, দিল্লি, ঔরঙ্গবাদ, ইন্দোর, সুরাট, লখনউ, পাটনা, জলন্ধর, নাগপুর, চণ্ডীগড়, যোধপুর, নয়ডা, নাসিক ও পুণে।

গত ৮ সেপ্টেম্বর মুক্তি পায় 'বিক্রম বেদ' ছবির ট্রেলার। ৩০ সেপ্টেম্বর মুক্তি পাবে ছবি। সূত্র : পিঙ্কভিলা

×
সর্বশেষ সর্বাধিক পঠিত