বিএনপির সভা-সমাবেশে উপর্যপুরি হামলার নিন্দা গণতন্ত্র মঞ্চের

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ১০:১০ পিএম

গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে এক যৌথ বিবৃতিতে সারাদেশে বিএনপির সভা-সমাবেশে হামলার নিন্দা জানানো হয়েছে।

রোববার সংবাদমাধ্যমে পাঠানো বিবৃতিতে সর্বশেষ ঢাকার বনানীতে এবং কুমিল্লার মনোহরগঞ্জে বিএনপি নেতৃবৃন্দের ওপরে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, নোয়াখালী থেকে কর্মসূচি করে ফেরার পথে কুমিল্লার মনোহরগঞ্জে বিএনপি নেতা বরকতউল্লাহ বুলুর ওপর হামলা হয়। তাকে ও তার স্ত্রীকে আহত করা এক নজিরবিহীন ঘটনা। ঢাকার বনানীতে পুলিশের গুলিতে নিহত নেতাকর্মীদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলনের মতো কর্মসূচিতেও সরকারি গুন্ডাবাহিনী চালিয়ে মোয়াজ্জেম হোসেন আলাল, তাবিথ আউয়ালসহ নেতাকর্মীদের আহত করায় স্পষ্ট করছে সরকার পুরোপুরি উন্মত্ত হয়ে গেছে।

বিবৃতিতে বলা হয়, সারা দেশে বিএনপির সভা-সমাবেশ ও নেতাকর্মীদের বাড়িতে হামলা, বিভিন্ন জেলায় গণতন্ত্র মঞ্চের সভা সমাবেশ ও শরিক বিভিন্ন দলের নেতাকর্মীদের ওপর হামলা-মামলা, বিভিন্নস্থানে বামপন্থী দলসমূহের কর্মসূচিতে হামলা সরকারের মরিয়া অবস্থার প্রকাশ। সারাদেশে বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর গুন্ডাবাহিনী এবং পুলিশ বাহিনীকে লেলিয়ে দিয়ে এই মরিয়া আক্রমণে কেবল হামলা-মারপিট-ভাঙচুর-লুটপাটই নয়, এমনকি কুপিয়ে ও গুলিবর্ষণ করে হত্যাও হয়েছে। জনসম্মতিহীন সরকার ক্ষমতা হারানোর ভয়ে ভীত হয়ে পুরোপুরি দলীয় গুন্ডা বাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভরশীল হয়ে ক্ষমতায় টিকে থাকতে চাচ্ছে। 

বিবৃতিতে বলা হয়, সরকার যতই ভাবুক দমন-পীড়ন করে ক্ষমতা কুক্ষিগত রাখা যাবে, কিন্তু সেটা বোকার স্বপ্ন ছাড়া আর কিছুই নয়। জনগণের উত্থানে এ অত্যাচারের স্টিমরোলার অচিরেই ভেঙে পড়বে।

বিবৃতিতে সব অত্যাচার দমন, পীড়ন, নির্যাতন এবং হত্যাযজ্ঞের বিরুদ্ধে জনগণের বৃহত্তর ঐক্য গড়ে তোলা এবং ফ্যাসিবাদী সরকার ও শাসনব্যবস্থার পতনের লড়াইকে জোরদার করার আহ্বান জানান।

গণতন্ত্র মঞ্চের পক্ষে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি সংবাদমাধ্যমে এ বিবৃতি  পাঠান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত