৩৬ মিউচুয়াল ফান্ডের ৩৪টি ফ্লোর প্রাইসে

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২২, ১২:০৮ এএম

সূচক ও লেনদেনের ওঠানামা দেখে পুঁজিবাজারের প্রকৃত অবস্থা বোঝা যাচ্ছে না। গতকাল রবিবার সূচক এবং লেনদেন বেড়েছে। তবে দর হারিয়েছে বেশিরভাগ শেয়ার। এখনো ১৩৭ কোম্পানির শেয়ার ফ্লোর প্রাইসেই পড়ে আছে। আবার তালিকাভুক্ত ৩৬ মেয়াদি মিউচুয়াল ফান্ডের মধ্যে ৩৪টি ফ্লোর প্রাইসে। এসব ফান্ডে বিনিয়োগ সাম্প্রতিক সময়ের সর্বনিম্নে নেমেছে।

গতকাল দিনের লেনদেনের শুরুতে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৫৪ পয়েন্ট বেড়ে ৬৫৬৯ পয়েন্ট ছাড়িয়েছিল। তবে লেনদেন শেষে সূচকে যোগ হয় মাত্র ২০ পয়েন্ট। আবার মোট লেনদেনের পরিমাণ গত বৃহস্পতিবারের তুলনায় ৫৭১ কোটি টাকা বেড়ে ১ হাজার ৮১৩ কোটি টাকা ছাড়িয়েছে। যদিও লেনদেন হওয়া ৩৭১ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ১০৯টির দর বেড়েছে, কমেছে ১৪০টির এবং অপরিবর্তিত ১২২টির।

গতকাল ডিএসইতে মিউচুয়াল ফান্ড খাতে মোট ১ কোটি ৩২ লাখ টাকার ফান্ড ইউনিট কেনাবেচা হয়েছে, যা মোট লেনদেনের মাত্র শূন্য দশমিক শূন্য ৭ শতাংশ। গত দুই বছর ধরেই মিউচুয়াল ফান্ড খাতে লেনদেনে এমন খরা চলছে। সর্বশেষ ২০২০ সালের নভেম্বরে মিউচুয়াল ফান্ড খাতওয়ারি লেনদেনে অন্য সব খাতকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছিল। ওই বছরের ১৬ নভেম্বর ডিএসইতে ৭৯০ কোটি টাকার শেয়ার লেনদেনে মিউচুয়াল ফান্ড খাতের অংশ ছিল ২৬২ কোটি টাকা, যা ছিল মোটের ৩৩ দশমিক ১৬ শতাংশ। ওই দিনের লেনদেনে দ্বিতীয় সর্বোচ্চ ১৮ শতাংশ অবদান ছিল বীমা খাতের।

গত শনিবার বিএমবিএর ও সিএমজেএফ আয়োজিত গোলটেবিল বৈঠকে বিশ্লেষকরা জানান, মিউচুয়াল ফান্ড ব্যবস্থাপনার দায়িত্বে থাকা সম্পদ ব্যবস্থাপক কোম্পানিগুলোর দায়িত্বহীন আচরণে এ খাতে বিনিয়োগে মানুষ আগ্রহ হারিয়েছে।

শেয়ারবাজার বিশেষজ্ঞ আবু আহমেদ বলেন, ভালো লভ্যাংশের আশা এবং নির্ধারিত মেয়াদান্তে বিনিয়োগ ফেরত দেওয়ার শর্তে সাধারণ মানুষর মিউচুয়াল ফান্ডে লগ্নি করেছিল। কিন্তু ফান্ড ম্যানেজাররা বেশি ফি পেতে মেয়াদ শেষে টাকা তো ফেরতই দেয়নি, বছর বছর রি-ইনভেস্টমেন্টের নামে কিছু ইউনিট ধরিয়ে দিয়েছে।

ঢাকা বিশ^বিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ হেলাল বলেন, বাংলাদেশে ফান্ড ম্যানেজার অনেক। কিন্তু এর কয়টি ফান্ড ব্যবস্থাপনার যোগ্যতা রাখে, তা দেখার বিষয়। এদের অনেকের কাছে টাকা দেওয়া নিরাপদ নয়। তবে রেস অ্যাসেট ম্যানেজমেন্টের সিইও হাসান ইমাম বলেন, এ বছর মিউচুয়াল ফান্ডের আকার ২৫ শতাংশ বাড়াতে কাজ করছেন তারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত