শিক্ষাবিদ ও লোকসংস্কৃতি বিশেষজ্ঞ মুহম্মদ মনসুরউদ্দীনের মৃত্যুবার্ষিকী আজ। ১৯৮৭ সালের ১৯ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন তিনি। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, একুশে পদকসহ নানা পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি।
মুহম্মদ মনসুরউদ্দীনের ১৯০৪ সালের ৩১ জানুয়ারি পাবনা জেলায়। ১৯২৮ সালে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এমএ পাস করেন। প্রথমে স্কুল সাব-ইন্সপেক্টর পদে যোগ দেন। পরে ১৯৫১ সাল পর্যন্ত তিনি ঢাকা ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজের স্কুল শাখা, হাওড়া জেলা স্কুল, চট্টগ্রাম সরকারি ইন্টারমিডিয়েট কলেজ এবং সিলেটের মুরারিচাঁদ কলেজে শিক্ষকতা করেন।
১৯৫২ সালে ছয় মাসের জন্য তিনি ঢাকায় ‘মাহে নও’ মাসিকপত্রের সম্পাদক ছিলেন। এ বছরই তিনি আন্তর্জাতিক লোকসংগীত সম্মেলনে যোগদানের উদ্দেশে লন্ডন যান। সেখানে ফোকলোর বিশেষজ্ঞ হিসেবে গণ্য হওয়ায় তাকে International Folksongs Council এর সদস্যপদ দেওয়া হয়।
লন্ডন থেকে ফিরে তিনি ঢাকা কলেজে বাংলা বিভাগের প্রধান নিযুক্ত হন এবং ১৯৫৯ সালে অবসর গ্রহণ করেন। তিনি কিছুদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের খণ্ডকালীন অধ্যাপক ছিলেন। ১৯৭৮ সালে বাংলাদেশ ফোকলোর পরিষদ তাকে সংবর্ধিত করে।
লোকসংগীত সংকলন ও সম্পাদনা করে তিনি প্রভূত খ্যাতি অর্জন করেন। এ ছাড়া তিনি নানা বিষয়ে কয়েকটি গ্রন্থ রচনা করেছেন।
