পঞ্চম শ্রেণি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২২, ১১:২৪ পিএম

অষ্টম অধ্যায় : নারী-পুরুষ সমতা

কাঠামোবদ্ধ প্রশ্ন (যোগ্যতাভিত্তিক)

(গত সংখ্যার পর)

৬. ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস ঘোষণার প্রেক্ষাপট ব্যাখ্যা করো।

উত্তর : ১৮৫৭ সালের ৮ মার্চ নিউ ইয়র্ক শহরের একটি সেলাইয়ের কারখানার নারী শ্রমিকরা ন্যায্য মজুরি ও আট ঘণ্টা শ্রমের দাবিতে রাজপথে আন্দোলন করেন। সে সময় তাদের অনেককে পুলিশ নির্যাতন ও গ্রেপ্তার করে। এই দিনটিকে সামনে রেখে ১৯০৮ সালে নিউ ইয়র্ক শহরে হাজার হাজার নারী শ্রমিক শিশুশ্রম বন্ধ ও নারীর ভোটাধিকারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করে। ১৯১০ সালে দ্বিতীয় আন্তর্জাতিক সমাজতাত্ত্বিক সম্মেলনে জার্মান সমাজতান্ত্রিক ‘ক্লারা জেটকিন’ ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে ঘোষণা করার প্রস্তাব দেন। পরে জাতিসংঘ ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে স্বীকৃতি দেয়।

৭. যৌতুকপ্রথা প্রতিরোধে কী কী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে?

উত্তর : যৌতুকপ্রথা প্রতিরোধে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। নারীর সামাজিক অধিকার প্রতিষ্ঠা করতে পারলে যৌতুকপ্রথা প্রতিরোধ করা সম্ভব হবে। কেননা নারীসমাজ শিক্ষিত হলে এবং অর্থনৈতিক দিক থেকে স্বাবলম্বী হলে তাদের সচেতনতা বাড়বে, যা যৌতুক প্রতিরোধে সহায়ক ভূমিকা পালন করবে। যৌতুকপ্রথা প্রতিরোধে অর্থনৈতিক সচ্ছলতা অপরিহার্য। নারী ও পুরুষের ব্যাপক কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। অর্থনৈতিক সচ্ছলতা যৌতুকপ্রথাকে নিরুৎসাহিত করবে। শিক্ষা মানুষকে সচেতন করে এবং উপযুক্ত শিক্ষার মাধ্যমে নারী-পুরুষ সবাই দক্ষ মানবসম্পদে পরিণত হবে। তাই শিক্ষার ব্যাপক বিস্তার ঘটলে যৌতুক আদান-প্রদান কমে যাবে।

৮. সবক্ষেত্রে নারী-পুরুষ কেমন অবদান রাখছে?

উত্তর : আমাদের সমাজে বিভিন্ন পেশা, শ্রেণি ও বয়সের মানুষ বাস করে। এরা সবাই মেয়েশিশু বা ছেলেশিশু হিসেবে পরিবারে বাস করছে এবং পরিবারকে সহযোগিতা করছে। সংসারসহ কর্মক্ষেত্রের প্রায় সব জায়গায় মহিলা ও পুরুষের অবদান অস্বীকার করা যাবে না। আবার, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পুরুষ শিক্ষকের পাশাপাশি মহিলারাও অবদান রাখছেন। এভাবে সমাজে নারী-পুরুষ নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখছে।

৯. নারী দিবস সম্পর্কে কী জানো? ৫টি বাক্যে লেখো।

উত্তর : নারী দিবস সম্পর্কে আমি যা জানি তা হলো :

ক. ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস।

খ. ১৯৫৭ সালের ৮ মার্চ নিউ ইয়র্কে নারী পোশাক শ্রমিকরা সর্বপ্রথম ন্যায্য মজুরি ও শ্রমের দাবিতে আন্দোলন করে।

গ. ১৯১০ সালে জার্মান সমাজতাত্ত্বিক ক্লারা জেটকিন নারী দিবস ঘোষণার দাবি জানান।

ঘ. ১৯৭৭ সালে জাতিসংঘ ৮ মার্চকে ‘আন্তর্জাতিক নারী দিবস’ ঘোষণা করে।

ঙ. নারী দিবসে নারীর অধিকার নিশ্চিত করাসহ নানা বিষয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত