ভারতসহ অন্যান্য দেশে স্থায়ীভাবে ইলিশ রপ্তানি বন্ধের নির্দেশনা চেয়ে উচ্চ আদালতে রিট আবেদন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদনটি করেন।
আবেদনে বাণিজ্য সচিব, মৎস্য ও প্রাণিসম্পদ সচিব, পররাষ্ট্র সচিব, বেসরকারি বিমান ও পর্যটন সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান, আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রকের দপ্তরপ্রধান এবং বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে।
আবেদনে স্থায়ীভাবে ইলিশ রপ্তানি বন্ধের নির্দেশনাসহ ভারতে ইলিশ রপ্তানি বন্ধে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুলের আরজি জানানো হয়েছে। কার্যতালিকায় এলে সংশ্লিষ্ট একটি বেঞ্চে শুনানি হবে বলে জানান রিটকারী আইনজীবী।
এর আগে ভারতে ইলিশ রপ্তানি বন্ধে গত ১১ সেপ্টেম্বর সাত দিনের সময় দিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনি নোটিস পাঠান এ আইনজীবী। নোটিসের জবাব না পাওয়ায় এ রিট আবেদনটি করা হলো।
আবেদনের বরাত দিয়ে অ্যাডভোকেট মাহমুদুল হাসান দেশ রূপান্তরকে বলেন, ‘সংবিধানের ১৫ অনুচ্ছেদে জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। কিন্তু গণমাধ্যমে খবর এসেছে, একজন কৃষক দুই মণ ধান বিক্রি করেও এক কেজি ইলিশ কিনতে পারছেন না। বিপরীতে প্রায় অর্ধেক দামে ইলিশ রপ্তানি হচ্ছে। এখন জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত না করে এভাবে ইলিশ রপ্তানি করা মানে আমাদের সাংবিধানিক অধিকার লঙ্ঘিত হচ্ছে।’
