বে-টার্মিনালের কাজ শুরু জানুয়ারিতে

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২, ১০:৪৫ পিএম

আগামী জানুয়ারিতে শুরু হবে চট্টগ্রাম বন্দরের বে-টার্মিনালের কাজ। এতে ব্যয় হবে ২১ হাজার কোটি টাকা। ৩ দশমিক ৫৫ কিলোমিটার দৈর্ঘ্যরে জেটি থাকবে সেখানে। চট্টগ্রাম বন্দরে বর্তমানে সাড়ে ৯ মিটার গভীরতার জাহাজ ভেড়ে। বে-টার্মিনালে সাড়ে ১২ মিটার গভীরতার জাহাজ ভিড়তে পারবে। বে-টার্মিনালের কর্মকা- ২৪ ঘণ্টা চলবে। কিন্তু চট্টগ্রাম বন্দরে শুধু জোয়ার-ভাটার ওপর নির্ভর করে দিনের বেলায় জাহাজ চলাচল করে থাকে।

২০২৬ সালে টার্মিনালের অপারেশনাল কার্যক্রম শুরুর পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বন্দর কর্তৃপক্ষ। বে-টার্মিনাল প্রকল্প নিয়ে বন্দরের শহীদ ফজলুর রহমান মুন্সী অডিটরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অংশীজন, বন্দর ব্যবহারকারী ও জনপ্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম. শাহজাহান। এ সময় বন্দর চেয়ারম্যান বলেন, বে-টার্মিনাল প্রকল্পে তিনটি টার্মিনাল নির্মাণ করা হবে। এর মধ্যে একটি মাল্টিপারপাস টার্মিনালটি নির্মাণ করবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। বাকি দুটি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) ভিত্তিতে নির্মাণ করা হবে। চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে গত বছর অক্টোবরে প্রকল্পের জন্য ৬৮ একর জমি বন্দর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। তিনি জানান, প্রকল্পের পরিকল্পনা প্রণয়ন এবং চট্টগ্রাম বন্দরের অধীনে প্রকল্পের পূর্ণাঙ্গ নকশা, ড্রয়িং, টেন্ডার ডকুমেন্ট তৈরি ও কাজের যাবতীয় তদারকির জন্য আন্তর্জাতিক পরামর্শক হিসেবে কোরিয়ার দুই প্রতিষ্ঠান কুনওয়া ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসালটিং কোম্পানি লিমিটেড ও ডিয়েন ইয়াং ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডকে দায়িত্ব দেওয়া হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত