ছাত্রলীগের মামলা

দেশ রূপান্তরের পাশে বিভিন্ন সংগঠন

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২, ০৪:০১ এএম

শীর্ষ নেতাদের বিরুদ্ধে পদ-বাণিজ্যের খবর প্রকাশ করায় দেশ রূপান্তরের প্রকাশক মাহির আলী খাঁন রাতুল ও সিনিয়র রিপোর্টার পাভেল হায়দার চৌধুরীর বিরুদ্ধে ছাত্রলীগ মানহানি মামলা করায় বিভিন্ন সংগঠন প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে। এসব সংগঠনের মধ্যে রয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ও বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ)।

ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন এক বিবৃতিতে মামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, আড়াই মাস আগে প্রকাশিত সংবাদকে কেন্দ্র করে দেশ রূপান্তরের প্রকাশক ও প্রতিবেদকের বিরুদ্ধে মামলা দুরভিসন্ধিমূলক। কোনো সংবাদ প্রকাশ হলেই সংশ্লিষ্ট সংবাদমাধ্যম ও প্রতিবেদকের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়ের করা অপসংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। সাংবাদিক ও সংবাদমাধ্যমের ওপর হামলা বন্ধ, সব মিথ্যা ও হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়ে নেতারা বলেন, অন্যথায় সাংবাদিক সমাজ এ ধরনের হয়রানিমূলক মামলা ও নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বাধ্য হবে।

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) পাভেল হায়দার চৌধুরীর বিরুদ্ধে মামলায় উদ্বেগ প্রকাশ করেছে। গত মঙ্গলবার এক বিবৃতিতে ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব এ মামলা প্রত্যাহারের দাবি জানান। নেতারা বলেন, তথ্যপ্রমাণসহ সংবাদ প্রকাশ করা একজন সাংবাদিকের পেশাগত দায়িত্ব। সংক্ষুব্ধ যে কেউ প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানাতে এবং আইনানুগ ব্যবস্থা নিতে পারেন। কিন্তু সংবাদ প্রকাশের প্রায় আড়াই মাস পর মামলা করা পুরো বিষয়টিকে প্রশ্নবিদ্ধ করেছে। ডিআরইউ মনে করে এটি হয়রানিমূলক মামলা যা স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী। মামলা প্রত্যাহার করে সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন ডিআরইউ নেতারা।

বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) পাভেল হায়দার চৌধুরীর বিরুদ্ধে মামলা করায় উদ্বেগ প্রকাশ করেছে। গত মঙ্গলবার বিপিজেএ’র সভাপতি হারুন আল রশীদ ও সাধারণ সম্পাদক নাফিসা দৌলা এ হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান।

বিপিজেএ’র নেতারা বলেন, গত আড়াই মাস আগে প্রকাশিত সংবাদকে কেন্দ্র করে একটি জাতীয় দৈনিকের সাংবাদিক ও প্রকাশকের বিরুদ্ধে মামলা দুরভিসন্ধিমূলক। কোনো সংবাদ প্রকাশ হলেই সংশ্লিষ্ট সংবাদমাধ্যম ও প্রতিবেদকের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দায়ের করা অপসংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। বিপিজেএ মনে করে এটি একটি হয়রানিমূলক মামলা যা স্বাধীন সাংবাদিকতা ও মুক্ত গণমাধ্যমের পরিপন্থী।

মানববন্ধন আজ

বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) পাভেল হায়দার চৌধুরীর বিরুদ্ধে মানহানি মামলার প্রতিবাদে আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচি পালন করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত